মধুরিমা রায়
আন্তর্জাতিক পুরুষ দিবস কবে জানেন?
নভেম্বরের ১৯ তারিখ। সেমিনার, আলোচনা সভা নাই বা হলো, শহর কলকাতায় পুরুষ দিবস উপলক্ষ্যে গাড়ি নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে 'অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট' নামের একটি সংগঠন। সংগঠনের প্রধান নন্দিনী ভট্টাচার্য জানিয়েছেন, পুরুষদের অধিকার রক্ষার এই ভাবনার সূত্রপাত ২০১২ সালে। তিনি জানান, শোভাযাত্রা শুরু হবে বেলা একটায়, মৌলালি মোড় থেকে। আর শেষ হবে মেয়ো রোডে কলকাতা প্রেস ক্লাবে।
নন্দিনীর মতে, নারীর অধিকার রক্ষায় তবু বেশ কিছু প্রচেষ্টা আছে। মহিলা কমিশন আছে। পুরুষরা বিপদে পড়লে সেই অর্থে তাঁদের পাশে দাঁড়ানোর মতো কোনও সংগঠন নেই। কিন্তু তাঁদেরও তো অধিকার লঙ্ঘিত হয়। শহরের বুকে এমন প্রচুর ঘটনা ঘটে যেখানে ৪৯৮ ধারার অপব্যবহার হয়। তাই নন্দিনী এবং তাঁর সংগঠন চান, আগামী দিনে পুরুষদের জন্য কমিশন আসুক, লিঙ্গ নিরপেক্ষ আইন আসুক। 'অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট' সমাজকে বার্তা দিতে চায় যে, তাঁরা পুরুষদের পাশে আছেন।
তবে, এই ধরনের উদ্যোগ নিয়ে ভিন্ন মত পোষণ করেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বিশ্বব্যাপী যে চিত্র, তাতে আলাদা করে নারীদের অধিকারের কথা এখনও বলতে হচ্ছে। মহিলারা আজকাল ঘরে-বাইরে সব কাজ সামলাচ্ছেন। তবু সর্বত্র তাঁদের পুরুষদের সঙ্গে সমান ভাবে স্বীকৃতি দেওয়া হয় না। আর কদাচিৎ স্বীকৃতি মিললেও তাতে লড়াই থাকে যথেষ্ট। বাড়িতে নিমন্ত্রণ পত্র এলে তাতেও তো বাড়ির পুরুষ সদস্যের নামই লেখা থাকে। তাহলে আর সমানাধিকার কোথায়? তাই এই পুরুষতান্ত্রিক সভ্যতায় নারীবাদের প্রয়োজন আছে বলেই মনে করেন তিনি। গাড়ি নিয়ে শোভাযাত্রার বিষয়ে তিনি বলেছেন, ভাবনার স্বাধীনতা সকলেরই আছে, তাই ভাবতেই পারেন কেউ অন্যরকম।
অন্য দিকে, ১৯৯২ থেকে এই রাজ্যে চলতে শুরু করা “পিড়ীত পুরুষ পতি পরিষদ”-এর প্রতিষ্ঠাতারা আগামী ১৯ তারিখের অভিযানকে স্বাগতই জানাচ্ছেন। তাঁদের বক্তব্য—যদি নারী পুরুষ সমান হয়, তবে আলাদা করে কেন প্রয়োজন নারীবাদী আন্দোলনের। বাস বা ট্রামে মহিলাদের আলাদা সিট থেকে শুরু করে ৪৯৮ ধারার অপব্যবহার-----সবকিছুতেই আজকাল মহিলারা সুবিধা পাচ্ছেন, অথচ বাস্তবে পরস্পর বিরোধী কথা বলছেন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা মনে করেন, আগেকার মা-ঠাকুমারা ঘোমটা দিয়ে চলাফেরা করলেও অনেকটাই আধুনিকমনস্ক ছিলেন। কিন্তু আজকাল মুখে আধুনিকতার কথা বললেও অনেক মহিলাই বাস্তবে যে ব্যবহার করেন তা মোটেও আধুনিক নয়। ১৯ তারিখের অনুষ্ঠানে তাঁরা যোগ দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন।