দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২০ টাকা। তাহলেই পাওয়া যাবে মাছ-মাংস-ভাত-তরকারি। একেবারে হাতে হাতে। রোগীর খাবার চুরি করে এভাবেই নাকি বিক্রি করা হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে। এই অভিযোগ করেছেন রোগীর পরিবারদের একাংশ। তাঁদের অভিযোগ, হাসপাতালের কর্মীরাই এই কাজের সঙ্গে যুক্ত। কখনও নাকি আবার জোর করে সেই খাবার নিতে বাধ্য করা হচ্ছে রোগীর পরিবারদের।
রোগীর পরিবার ও আত্মীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই কাজ চালাচ্ছে রোগীদের খাবার দেওয়ার কাজে যুক্ত কর্মীরা। রোগীদের জন্য যে খাবার দেওয়া হচ্ছে তার অর্ধেক নাকি সরিয়ে নিচ্ছে তারা। তারপর সেই খাবার মাত্র ২০ টাকায় বিক্রি করা হচ্ছে রোগীর পরিবার ও আত্মীয়দেরই। এর ফলে রোগীরা খাবার কম পাচ্ছেন। তাঁদের শরীরের ক্ষতি হচ্ছে বলেই অভিযোগ আত্মীয়দের। সম্প্রতি রোগীর আত্মীয়দের কয়েকজন খাবার দেওয়ার ভিডিও রেকর্ড করেন। তারপর তা কর্তব্যরত নার্সদের দেখান। নার্সরা নাকি রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির ডিরেক্টরকে অভিযোগ জানাতে বলেন।
সূত্রের খবর, রোগীর আত্মীয়রা এই বিষয়ে অভিযোগ জানান রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির ডিরেক্টর অসীম ঘোষকে। তিনি নাকি তাঁদের লিখিত অভিযোগ করতে বলেছেন। কিন্তু লিখিত অভিযোগ করতে ভয় পাচ্ছেন রোগীর আত্মীয়রা। তাঁদের বক্তব্য, এর ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ক্ষতি হতে পারে। কারণ, খাবার চুরির ফুটেজ দেখিয়ে অভিযোগ করার পরেও ডিপার্টমেন্টের ডিরেক্টর কোনও ব্যবস্থা নেননি। এই ঘটনার সঙ্গে হাসপাতালের কর্তাদের একাংশ যুক্ত থাকতে পারে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
এই ঘটনার ব্যাপারে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির ডিরেক্টর অসীমবাবু বলেছেন, "রোগীদের জন্য খাবার মেডিক্যাল কলেজের কিচেন থেকে আসে। সুপার ইন্দ্রনীল বিশ্বাসকে পুরোটা জানিয়েছি।" আর সুপার এই ঘটনা নিয়ে বলেছেন, "একটা অভিযোগ এসেছে যে কম পয়সায় রোগীদের খাবার বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা গর্হিত অপরাধ। লিখিত অভিযোগ এলে অভিযুক্তদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"