দ্য ওয়াল ব্যুরো: দুটি বাসের রেষারেষিতে ফের গুরুতর জখম যাত্রী। ঘটনাস্থল আবারও সেই টালিগঞ্জ। এ বার টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে ঘটেছে দুর্ঘটনা। অফিস টাইমের ভিড়ে বাসের পাদানিতে দাঁড়িয়ে ঝুলছিলেন নারায়ণ মালিক। সেই সময়েই পাশের আর একটি বাসের সঙ্গে রেষারেষির সময় মাথায় এবং কানে গুরুতর চোট পেয়েছেন নারায়ণবাবু। চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত অস্ত্রোপচার করে বাদ দিতে হবে নারায়ণ মালিকের কান।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে পৈলান থেকে হাওড়়াগামী ১২সি/১বি রুটের একটি বেসরকারি বাস পাশের আর একটি বাসটিকে ওভারটেক করতে যায়। সেই সময়েই ওই বাসের পাদানিতে দাঁড়িয়ে ছিলেন নারায়ণ মালিক। তখনই গুরুতর চোট পান ওই যাত্রী। আহত যাত্রীকে প্রথমে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। তারপর সেখান থেকে তাঁকে পাঠানো হয় এসএসকেএম-এ।
কদিন আগে টালিগঞ্জ করুণাময়ী ক্রসিংয়ের কাছেও ঠিক একই ভাবে দুর্ঘটনা ঘটেছিল। হরিদেবপুর থেকে ৪০ এ বাসে চেপে টালিগঞ্জ ট্রাম ডিপোর দিকে যাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের উৎপল কর্মকার। জানলার পাশের সিটে বসে বেশ খানিকটা হাত বের করে রেখেছিলেন তিনি। ক্ষণিকের অসতর্কতায় ক্রসিংয়ের কাছে রাস্তার গা ঘেঁষা একটি নির্মীয়মাণ বাড়ির পিলারে সজোরে ধাক্কা লাগে। কনুইয়ের নীচ থেকে কেটে ছিটকে যায় তাঁর বাঁ হাত। আহত উৎপলবাবুকেও নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। তবে অস্ত্রোপচার করে ক্ষত মেরামত করা সম্ভব হলেও হাতের কাটা অংশ জোড়া লাগানো যায়নি।