দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে সাত মাস ধরে কাজ ছিল না। চরম অর্থাভাব দেখা দিয়েছিল সংসারে। আর তাতেই অবসাদে চলে গিয়েছিলেন ৬৩ বছরের এক বৃদ্ধ। কীভাবে সংসার চালাবেন তা বুঝতে পারছিলেন না তিনি। আর সেই কারণেই তিনি ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী হয়েছেন বলে খবর।
ঘটনাটি ঘটেছে কলকাতার গলফ ক্লাব রোডে। সেখানেই স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে থাকতেন সৌমিত্র সেন নামের এক বৃদ্ধ। জানা গিয়েছে, কলকাতাতেই ছোট একটি কোম্পানিতে অ্যাকাউন্ট বিভাগে কাজ করতেন তিনি। কিন্তু লকডাউনের সময় বন্ধ হয়ে যায় কোম্পানি। তারপরেই তাঁর চাকরি চলে যায়। প্রায় সাত মাস ধরে চাকরি ছিল না তাঁর।
পরিবার সূত্রে খবর, চাকরি চলে যাওয়ার পরে অনেক চেষ্টা করেও কোনও কাজ জোটাতে পারেননি সৌমিত্রবাবু। ফলে সংসারের আর্থিক অবস্থা খারাপ হচ্ছিল। আর তাতেই বৃদ্ধ মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। বেশ কিছুদিন পরিবারের কারও সঙ্গে বিশেষ কথাবার্তা বলছিলেন না তিনি। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন তিনি।
জানা গিয়েছে, সৌমিত্রবাবু ঝাঁপ দেওয়ার বিষয় বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তাঁকে পরিবারের লোক ও প্রতিবেশীরা উদ্ধার করে নিয়ে যান বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালের চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে বৃদ্ধের।
এই ঘটনার পরে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই সবটা পরিষ্কার হবে। তবে ছাদ থেকে পড়েই যে বৃদ্ধের মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত পুলিশ। কিন্তু শুধু আর্থিক কারণেই তিনি আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।