দ্য ওয়াল ব্যুরো: গত বছর জয় রাইড ভেঙে গুরুতর আহত হয়েছিলেন বেশ কয়েকজন। প্রশ্ন উঠেছিল নিউ টাউনের ইকো পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বছর ঘুরতে না ঘুরতেই ফের দুর্ঘটনা। এবার ইকো পার্কের জলাশয়ে ডুবে মৃত্যু হল এক সাড়ে চার বছরের শিশুর।
জানা গিয়েছে তালতলা এলাকার বাসিন্দা শেখ আকবর পরিবার নিয়ে শনিবার দুপুর নাগাদ ইকো পার্কে বেড়াতে গিয়েছিলেন। খানিকক্ষণ ঘোরার পর সবাই মিলে খেতে বসেন পার্কের মাঠে। সেই সময়েই চোখের আড়ল হয়ে যায় আকবরের ছেলে শেখ আবেজ। অনেকক্ষণ খোঁজার পর ছেলেকে না পেয়ে আকবর খবর দেন ইকো পার্কের নিরাপত্তারক্ষীদের।
শুরু হয় খোঁজা। ওয়াকিটকি মারফত প্রতিটি গেটে খবর পৌঁছে দেন নিরাপত্তাকর্মীরা। খবর দেওয়া হয় ইকো পার্ক কর্তৃপক্ষকে। তার পরও শিশুটিকে না পেয়ে নিউটাউন থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসার পর বিকেল সাড়ে চারটে নাগাদ ডুবুরি নামিয়ে জলাশয়গুলিতে তল্লাশি শুরু করে পুলিশ। প্রায় তিন ঘণ্টা একানাগাড়ে খোঁজাখুঁজি চালানোর পর চার নম্বর গেটের কাছে চিলড্রেন পার্ক সংলগ্ন জলাশয় থেকে দেহ উদ্ধার করেন ডুবুরিরা। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা রুজু করেছে পুলিশ।
এদিন ইকো পার্ক পরিদর্শনে গিয়েছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নিরাপত্তার ত্রুটি মেনে নেন। হিডকো কর্তৃপক্ষকেও মন্ত্রী নির্দেশ দিয়েছেন তদন্ত করে দেখার। ইকো পার্কে মানুষের সেই ঢল নামা শুরু হয়নি। জাঁকিয়ে শীত পড়লেই ভিড়ে উপচে যাবে এই উদ্যান। অনেকেরই প্রশ্ন, কেন বারবার এমন ঘটনা ঘটছে ইকো পার্কে? কেন জলাশয়গুলির ধারে নিরাপত্তার বন্দোবস্ত আরও আঁটোসাঁটো করা হল না?