দ্য ওয়াল ব্যুরো : বন্ধ হয়ে গেল উত্তর কলকাতার শ্যামবাজারের বিখ্যাত মিত্রা সিনেমা হল। খরচ চালাতে না পেরেই সিনেমা হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন মিত্রা সিনেমা হলের বর্তমান মালিক দীপেন্দ্র কৃষ্ণ মিত্র।
সোমবার এই বিখ্যাত সিনেমা হলের বর্তমান মালিক জানিয়েছেন, "সিঙ্গল স্ক্রিনে এখন আর দর্শক আসেন না ছবি দেখতে। লাভের কথা তো দূর, হল চালানোর খরচও উঠছিল না বেশ কয়েক বছর ধরে। আর তাই শেষ পর্যন্ত এই হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" শনিবার শেষবারের মতো ছবি প্রদর্শিত হয়েছে ৮৮ বছরের পুরনো এই হলে। মালিক জানিয়েছেন, এই হল ভেঙে সেখানে শপিং মল তৈরি করা হবে।
উত্তর কলকাতার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে মিত্রা সিনেমা হলের নাম। আর তাই এই হল বন্ধ হয়ে যাওয়াতে স্বভাবতই দুঃখ পেয়েছেন বহু মানুষ। শ্যামবাজারের এক প্রবীণ বাসিন্দার বক্তব্য, "জন্ম থেকেই এই সিনেমা হল দেখছি। বন্ধু-বান্ধবরা মিলে কত ছবি দেখতে গিয়েছি। ভাবতেই পারছি না, মিত্রা সিনেমা বন্ধ হয়ে গেল।" বর্তমানের মাল্টিপ্লেক্স কালচারকেই দুষছেন তাঁরা।
১৯৩১ সালে এই সিনেমা হলের পথ চলা শুরু। প্রথমে এই সিনেমা হলের নাম ছিল চিত্রা সিনেমা। পরে ১৯৬৩ সালে এই হলের মালিকানা কেনেন জমিদার হেমন্ত কৃষ্ণ মিত্র। হলের নাম পাল্টে রাখা হয় মিত্রা সিনেমা। তারপর থেকে কলকাতার পরিবর্তনের সাক্ষী থেকেছে এই হল। বহু ব্লকবাস্টার ছবি দেখানো হয়েছে এই হলে।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-state-tmc-candidate-of-barrackpore-dinesh-trivedi-went-to-nam-sangkirtan-programme-to-campaign/