দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাতে কসবার এক পেট্রল পাম্পে তাণ্ডব বাইক বাহিনীর। পেট্রল পাম্পের ম্যানেজার এবং কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগও উঠেছে। জানা গিয়েছে, কসবা এলাকায় বোসপুকুর রোডের উপর একটি পেট্রল পাম্পে শনিবার রাত তিনটে নাগাদ এই ঘটনা ঘটেছে। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, সেদিন রাতে চারটি বাইকে ১০-১২ জনের একটি দল পাম্পে এসে হামলা চালিয়েছিল। তাঁদের কারও মাথাতেই হেলমেট ছিল না। কসবা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে থানা পাম্পে এমন হামলা হওয়ায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পেট্রল পাম্পের ম্যানেজার এবং কর্মীদের অভিযোগ, ১০-১২ জনের ওই দলটি এসে নিজেরাই বাইকে তেল ভরতে শুরু করে। টাকাপয়সা দেওয়ারও কোনও বালাই ছিল না। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ, এর পরই শুরু হয় বেধড়ক মারধর। ম্যানেজার থেকে কর্মী, দুষ্কৃতীদের আক্রোশ থেকে বাদ যাননি কেউ। লাথি, ঘুষি, চড় বাদ ছিল না কিছুই। মারধর করার পর এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীর দল। যদিও ততক্ষণে সিসিটিভিতে ধরা পড়েছে সব কাণ্ড-কারখানা। সেই ফুটেজ দেখে গতকাল ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃতরা পেশায় অটচালক। রুবি-গড়িয়াহাট রুটে অটো চালায় তারা। কসবা থানা সূত্রে খবর, ধৃতদের নাম সিদ্ধার্থ বায়েন এবং ছোটু মণ্ডল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতদেরও জেরা করা হচ্ছে। আর কারা এই ঘটনায় জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, হয়তো টাকাপয়সা লুঠের জন্যই এসেছিল এই দুষ্কৃতীর দল। আতঙ্কে রয়েছেন ওই পেট্রল পাম্পের ম্যানেজার এবং কর্মীরা। তাঁরা বলেছেন যে নতুন করে পাম্প খুলতেই ভয় লাগছে, যদি আবার হামলা হয়। আতঙ্কে রয়েছে পেট্রল পাম্পের মালিকও।