কোল্ড ড্রিঙ্কসে মাদক মিশিয়ে তরুণীকে যৌন হেনস্থা কলকাতায়
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের পার্টিতে গিয়ে পানীয়ে মাদক মিশিয়ে তিন যুবক তাঁকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করলেন এক তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কড়েয়া থ
শেষ আপডেট: 15 December 2019 13:57
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের পার্টিতে গিয়ে পানীয়ে মাদক মিশিয়ে তিন যুবক তাঁকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করলেন এক তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকার ব্রাইট স্ট্রিটে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধেবেলা তালতলার বাসিন্দা ২১ বছরের এক তরুণী ব্রাইট স্ট্রিটে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সেখানে তিন যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনজন তাঁকে পানীয় খেতে দিলে তিনি তা খেয়ে নেন। তরুণীর অভিযোগ, ওই পানীয় খাওয়ার পরেই তিনি বেহুঁশ হয়ে যান। রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর হুঁশ ফিরে এলে নিজের পোশাক দেখে তরুণী বুঝতে পারেন তাঁর যৌন হেনস্থা হয়েছে। তিন যুবককে পার্টিতে আর দেখতে পাননি তিনি।

পুলিশ জানিয়েছে, সেদিন বাড়ি ফিরে গেলেও পরের দিন দুপুরে তালতলা থানায় গিয়ে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। পানীয়ে মাদক খাইয়ে তাঁর যৌন হেনস্থা হয়েছে বলে অভিযোগ করেন তরুণী। ঘটনাটি কড়েয়া থানা এলাকার অধীনে ঘটলেও অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে তালতলা থানার পুলিশ। নাভেদ আলম নামের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি পার্ক স্ট্রিট থানার বেডফোর্ড লেনে।
জানা গিয়েছে, ঘটনার পর থেকেই বাকি দুই অভিযুক্ত পলাতক। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৪ (যৌন হেনস্থা), ৩২৮ (মাদক খাওয়ানো) এবং ৩৪ ( ষড়যন্ত্র ) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃত নাভেদকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।