দ্য ওয়াল ব্যুরো: জোড়াবাগানে ন’বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার করা হল বাড়ির দারোয়ানকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রাম কুমার ওরফে লম্বু। শুরু থেকেই তার বয়ানে নানা অসঙ্গতি ধরা পড়ছিল। তার আচরণেও সন্দেহ হয়েছিল পুলিশের। পরে জেরার সময় নাকি অপরাধের কথা স্বীকার করেছে সে।
তদন্তকারীরা বলছেন, ঘটনার পরে বাড়ির সকলকে যখন জেরা করা হচ্ছিল তখন থেকেই সন্দেহ গিয়ে পড়ে রাম কুমারের ওপরে। প্রতিবারই নিজের বয়ান পাল্টে ফেলছিল সে। আজ, শুক্রবার জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয় তাকে। জানা গেছে, পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে রাম কুমার ওরফে লম্বু। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবি, ৩০২ ও পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে।
বৃহস্পতিবার ৯ বছরের এক নাবালিকার গলা কাটা দেহ উদ্ধার হয় জোড়াবাগানে। বাচ্চাটি দিন তিনেক আগে শোভাবাজার থেকে এসেছিল, মামারবাড়িতে। বুধবার বিকেল থেকে নিখোঁজ থাকার পরে গতকাল সকালে মামারবাড়ির পাশেই একটি পরিত্যক্ত বহুতলের ছাদের সিঁড়িতে তাকে দেখতে পান এক এলাকাবাসী। তাঁর চিৎকার শুনেই সকলে ছুটে যান। দেখা যায়, নিখোঁজ বালিকা ওভাবে পড়ে রয়েছে। ঘনসন্নিবিষ্ট বসতি এলাকায় কী করে এমন খুন হল, কেন কেউ টেরটুকু পেলেন না, ভেবে পাচ্ছে না কেউ।
তৃতীয় শ্রেণির ওই নিহত ছাত্রীর এক দিদি ও দাদা আছে। দিদির সঙ্গেই শোভাবাজার থেকে জোড়াবাগানের মামারবাড়িতে এসেছিল সে। খেলতে কেলতে হঠাতই হারিয়ে যায় মেয়েটি। কিন্তু ওই বহুতলে মেয়েটি কী করে ঢুকল, সেটাই অবাক করছে সকলকে। অনুমান করা হচ্ছে বাড়ির দারোয়ানই ওই বহুতলের ভেতরে নিয়ে গিয়েছিল বাচ্চা মেয়েটিকে। তাকে জেরা করে সেটা জানার চেষ্টা চলছে।
তদন্তকারীরা বলছেন, মেয়েটির উপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। বীভৎসতার প্রমাণ হাতে পেয়ে শিউরে ওঠছেন তদন্তকারীরাই। আততায়ীর মারধরে ভেঙে যায় বাচ্চা মেয়েটির চারটি দাঁত। মাথার পিছন থেকে টেনে উপড়ে তুলে ফেলা হয় চুল। এর পরে তাকে ধর্ষণ করা হয়। শেষে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয় গলা। ঘটনাস্থল খতিয়ে দেখার সময় ওই বাড়ির নীচের নর্দমা থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করেন তদন্তকারীরা। সেটিকেও পরীক্ষা করছে ফরেনসিক বিভাগ।
লালবাজার সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতন এবং শ্বাসরোধের প্রমাণ পাওয়া গিয়েছে। এবার ধৃতের ডিএনএ পরীক্ষা করে দেখা হবে নাবালিকার দেহে পাওয়া ডিএনএ--র সঙ্গে তার মিল রয়েছে কিনা।