দ্য ওয়াল ব্যুরো: পড়াশোনার জন্য পরিবারের লোকজন বকাবকি করেছিল। আর সেটাই মানতে পারেনি ক্লাস সিক্সের রোহন রায়। অভিমানে মায়ের শাড়ি গলায় জড়িয়েই আত্মঘাতী হল বাঘাযতীনের এই ছাত্র। মঙ্গলবার রাতে তার ঝুলন্ত দেখতে পান পরিবারের লোকজন। জানা গিয়েছে রোহন নাকতলা হাই স্কুলের ছাত্র ছিল।
জানা গিয়েছে পড়াশোনার জন্য স্কুলেও বকাবকি করা হয়েছিল রোহনকে। ডেকে পাঠানো হয়েছিল অভিভাবকদেরও। মঙ্গলবার সন্ধেবেলা বাড়ির লোকজনও রোহনকে বেশ বকাবকি করেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। এরপরই বাড়ির দোতলায় নিজের পড়ার ঘরে চলে যায় ক্লাস সিক্সের এই ছাত্র। বন্ধ করে দেয় দরজা। রাতে খাওয়ার জন্য অনেকবার ডেকেও সাড়া না পাওয়ায় দরজা ধাক্কা দেন পরিবারের লোকজন। খুলছে না দেখে ডাকা হয় প্রতিবেশীদেরও। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় মায়ের শাড়ি গলায় জড়িয়ে সিলিং থেকে ঝুলছে রোহন।
সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রোহনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মনে করা হচ্ছে, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছে নাকতলা হাইস্কুলের এই ছাত্র। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।