দ্য ওয়াল ব্যুরো: গিরিশ পার্কের আবাসন থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধ দম্পতির পচাগলা দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে নিঃসন্তান ছিলেন ওই দম্পতি। গিরিশ পার্কের রামদুলাল সরকার স্ট্রিটের ওই আবাসনের দীর্ঘদিনের বাসিন্দা ছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতির নাম বিশ্বজিৎ মিত্র (৭১) ও শিপ্রা মিত্র (৬৮)। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গিরিশ পার্ক থানা।
প্রতিবেশীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে ওই বৃদ্ধ দম্পতিকে দেখা যায়নি। এর পর তাঁদের ঘর থেকে পচা গন্ধ বেরনোয় সন্দেহ হয় এলাকাবাসীর। তাঁরা খবর দেন গিরিশ পার্ক থানায়। ঘটনাস্থলে এসে দরজা ভেঙে দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। দেহে পচন ধরে যাওয়ায় পুলিশের অনুমান, কয়েকদিন আগে মৃত্যু হয়েছে এই দম্পতির। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ এবং সময় জানা যাবে।
নিঃসন্তান দম্পতি কোনও কারণে আত্মঘাতী হয়েছেন কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তাঁদের ফ্ল্যাটে কারও যাতায়াত ছিল কিনা কিংবা কেউ এই দম্পতিকে খুন করেছে কিনা সেটাও জানার চেষ্টা চলছে। বৃদ্ধ দম্পতির এ হেন মর্মান্তিক মৃত্যুতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। তদন্তের স্বার্থে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বৃদ্ধ দম্পতি কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিলেন কিনা বা তাঁরা অসুস্থ হয়েছিলেন কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।