দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ রোগীরাও কি সুরক্ষিত নন হাসপাতালে। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের অফিসের দরজার সামনে থেকে এক রোগীর সর্বস্ব লুঠ হয়ে গিয়েছে বলে খবর। দিনের বেলায় ওই রোগীর হাত থেকে আংটি, চুড়ি ও ব্যাগ থেকে টাকা নিয়ে চম্পট দেয় এক ব্যক্তি।
৪৫ বছর বয়সী ওই রোগীর নাম অসীমা কাবাসি। চোখের সমস্যা ও আরও কিছু সমস্যায় ভুগছেন তিনি। নিয়মিত মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে আসেন তিনি। শনিবার তিনি মেডিক্যাল কলেজে এসেছিলেন বেশ কয়েকটি রক্তপরীক্ষা করাতে। সেই কারণেই সেন্ট্রাল ল্যাবরেটরি খুঁজছিলেন তিনি। সেই সময়ই হঠাৎ করে অসুস্থতা বোধ করেন তিনি।
জানা গিয়েছে, এমন সময় এক মধ্যবয়স্ক ব্যক্তি এসে তাঁকে প্রশ্ন করেন, কী হয়েছে? অসীমা সব কথা তাঁকে বলার পর ওই ব্যক্তি তাঁকে বলেন, তিনি তাঁকে সেন্ট্রাল ল্যাবরেটরিতে নিয়ে যাবেন। অসীমার বক্তব্য, "এরপরেই আমাকে প্রিন্সিপালের অফিসের সামনে বসানো হয়। তারপর নাকের কাছে একটা কাপড় ধরা হয়। তাতে আমি অচেতন মতো হয়ে যায়। আমি দেখি আমার হাত থেকে আংটি, সোনার চুড়ি, ব্যাগ থেকে ২০০০ টাকা তুলে নিচ্ছে সে। কিন্তু আমি কিছু করতে পারিনি।"
অসীমা আরও বলেন, "বেশ কিছুক্ষণ পর আমার হুঁশ আসে। তারপর আমি কাঁদতে থাকি। সেটা দেখে কিছু লোক আমাকে বলে পুলিশের কাছে জানাতে। আমি বৌবাজার থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।" এই অভিযোগের পর বৌবাজার থানার পুলিশ অসীমাকে নিয়ে দুপুর সাড়ে ৩টে নাগাদ মেডিক্যাল কলেজে আসেন।
কোথায় তাঁর কাছ থেকে লুঠ করা হয়েছে, সেটা সরেজমিনে গিয়ে দেখে পুলিশ। সেখানে থাকা চারটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ অসীমাকে দেখিয়ে ওই ব্যক্তিকে চিহ্নিত করারও চেষ্টা করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তদন্ত চলছে। শিগগির ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে।
এই ঘটনার পরেই মেডিক্যাল কলেজ চত্বরে রোগী ও তাঁদের পরিবারের অনেকেই অভিযোগ করেছেন। তাঁদের বক্তব্য, মেডিক্যাল কলেজের মতো জায়গায় কি একজন অসুস্থ রোগীও সুরক্ষিত নন। কোথায় গেল রোগীদের নিরাপত্তা?
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-kolkata-police-accused-of-giving-threat-to-ssc-protesters/