দ্য ওয়াল ব্যুরো: ফোর্ট উইলিয়ামে ধর্ষণের ঘটনায় ভিতরের কেউ নয়, বরং যুক্ত ছিল বাইরের লোক ছিল। সম্প্রতি বিবৃতি দিয়ে এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
ওই বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু জায়গায় প্রচার করা হচ্ছে নাবালিকা ধর্ষণে অভিযুক্ত সাগর মল্লিক ফোর্ট উইলিয়ামেরই কর্মী। কিন্তু এ তথ্য সম্পূর্ণ মিথ্যে। কোনওভাবেই ওই অভিযুক্ত ফোর্ট উইলিয়ামের সঙ্গে যুক্ত নয়।
ময়দান থানার পুলিশ জানিয়েছে, গত ১৫ জুন ফোর্ট উইলিয়ামের এক গ্রু ডি কর্মী সন্ধেবেলা থানায় এসে অভিযোগ জানান। নরেশ নামের ওই ব্যক্তি বলেন, তাঁর ১২ বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে ফোর্ট উইলিয়ামের ভিতরেই একটি কোয়ার্টারে। গুরতর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে অভিযুক্ত সেখানকার না হওয়ায় পালিয়ে যায় সে। এরপর ১৯ জুন গ্রেফতার হয় ধর্ষণে অভিযুক্ত সাগর মল্লিক।
পুলিশ সূত্রে খবর, ১৫ জুন নিজের আত্মীয় রাজা মল্লিকের সঙ্গে দেখা করতে ফোর্ট উইলিয়ামে এসেছিল সাগর মল্লিক। এই রাজা মল্লিক ফোর্ট উইলিয়ামের কর্মী। কিন্তু সাগর নয়। সেদিন সন্ধ্যাতেই ফোর্ট উইলিয়াম চত্বরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ধৃত সাগর মল্লিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নাবালিকাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত একটি হোমে রাখা হয়েছে তাকে। নাবালিকার গোপন জবানবন্দিও রেকর্ড করা হবে বলে জানিয়েছে তারা।