দ্য ওয়াল ব্যুরো: নিউ নরম্যালে সবে সব নিয়ম মেনে চালু হয়েছে মেট্রো। তার মধ্যেই মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তরুণী। আজ রবিবার সকালেই এই ঘটনা ঘটেছে বেলগাছিয়া স্টেশনে। সূত্রের খবর, স্টেশনে পৌঁছে তিনি ই-পাস কেটে ভিতরে ঢোকেন। তারপর ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনা ঘটেছে সকাল ১১টা ২৫মিনিট নাগাদ। তরুণীর নাম পরিচয় এখন জানা যায়নি। কেনই বা তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন সে ব্যাপারেও কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে প্রায় সঙ্গে সঙ্গেই তরুণীকে উদ্ধার করেন মেট্রোর নিরাপত্তাকর্মীরা। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। শোনা যাচ্ছে তরুণীর বাম হাত খোয়া গিয়েছে। তবে এ ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। সূত্রের খবর, আপাতত আরজি কর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রবিবার ছুটির দিন হলেও সকালবেলা এমন কাণ্ড হওয়ায় বেশ খানিকক্ষণের জন্য ব্যাহত হয় পরিষেবা। সূত্রের খবর, আজ সকাল ১১টা ৩৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় ৪৫মিনিট আপ এবং ডাউন লাইনে একটি মেট্রোও চলেনি। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ৬ মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। আনলক পিরিয়ডে অবশেষে যাত্রীদের সুরাহার কথা মাথায় রেখে চালু হয় মেট্রো। প্রথমে কম ট্রেন চালালেও পরে রেক বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে বাড়ানো হয় মেট্রোর সময়সীমাও। করোনা পূর্ববর্তী পর্যায়ে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটত হামেশাই। বিশেষ করে অফিস টাইমেই হতো এইসব ঘটনা। নিউ নরম্যালেও কি তাহলে ফের ফিরতে চলেছে পুরনো ভয়ঙ্কর স্মৃতি! আজকের ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন নিত্যযাত্রীরা।