দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সঙ্গে করনি সেনার ঝামেলা এই প্রথম নয়। এর আগেও দীপিকা পাড়ুকোনের নাক কাটার হুমকি দিয়েছিল করনি সেনা। এমনকী ভাইজান সলমন খান, পরিচালক সঞ্জয় লীলা বনশালি, কঙ্গনা রানাওয়াত-ও বাদ যাননি করনি সেনার রোষ থেকে। এ বার গীতিকার এবং কবি জাভেদ আখতারের চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়েছে করনি সেনা।
কিন্তু বর্ষীয়ান গীতিকারকে এ হেন ভয়ঙ্কর আক্রমণের কারণ কী?
সম্প্রতি শ্রীলঙ্কায় বোরখা, নকাব, হিজাব কিংবা যে কোনও মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করা হয়েছে। গত ২১ এপ্রিল ইস্টার সানডে'র ধারাবাহিক বিস্ফোরণের পরই এই সিদ্ধান্ত নেন ভারতের পড়শি দেশের রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা। সাফ জানিয়ে দেন, শ্রীলঙ্কার মাটিতে নিরাপত্তার খাতিরেই নিষিদ্ধ করা হয়েছে যে কোনও ধরণের মুখ ঢাকা পোশাক। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘেও এই নিষেধাজ্ঞায় ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন।
এই বোরখা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গেই নাকি মন্তব্য করেছিলেন জাভেদ আখতার। আর সেটাই পছন্দ হয়নি করনি সেনার। এক ইংরেজি দৈনিকের দাবি জাভেদ বলেন, "মুখ ঢাকা পোশাক পরা নিরাপত্তার জন্য সমস্যার হতে পারে। তাহলে বোরখা নিষিদ্ধ করা হলে ঘোমটা নিয়েও ভাবতে হবে। কী দরকার এইসব বোরখা বা ঘোমটার?" জাভেদের এই মন্তব্যেই দেদার ক্ষেপেছে করনি সেনা। তাদের মহারাষ্ট্র শাখার প্রধান জীবন সিং সোলাঙ্কি বলেছেন, "আমরা তিনদিনের মধ্যে জাভেদ আখতারকে নিজের 'ঘোমটা' মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছি। তা না হলে ওঁকে ফল ভোগ করতে হবে।" তবে এখানেই থামেননি সোলাঙ্কি। জাভেদকে হুমকি দিয়ে তিনি বলেন, "ওঁর চোখ উপড়ে নেব। জিভ ছিঁড়ে নেব। ওঁর বাড়িতে ঢুকে ওঁকে পেটাবো।"
করনি সেনার এ হেন হুমকিতে স্বভাবতই ক্ষুব্ধ জাভেদ আখতার। সম্প্রতি টুইট করে তিনি দাবি করেছেন তাঁর মন্তব্যকে বিকৃত করা হচ্ছে। টুইটে তিনি লিখেছেন, "কিছু লোক আমার মন্তব্য বিকৃত করতে চাইছেন। আমি বলেছিলাম, হয়তো শ্রীলঙ্কায় নিরাপত্তার খাতিরে বোরখা নিষিদ্ধ করা হয়েছে। তবে বিষয়টা নারীদের উত্থানের। তাই ঘোমটা হোক বা নকাব, মহিলাদের মুখ ঢাকার ব্যাপারটাই বন্ধ করা হোক।"
https://twitter.com/Javedakhtarjadu/status/1124101421308293121