দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সোমবার বিকেলের দিকে শুরু হয়েছিল সেনা-জঙ্গি সংঘর্ষ। দু'পক্ষের গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ২ জঙ্গির মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গতকালই খতম হয়েছিল এক জঙ্গি। অন্য জল সেনার গুলিতে ঝাঁঝরা হয়েছে আজ। জানা গিয়েছে, সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ ভাবে গতকাল থেকে এই অভিযান শুরু করেছিল। নিহত জঙ্গিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। সেনার তরফে জানানো হয়েছে এই জঙ্গিরা কোন সংগঠনের সদস্য তা জানার চেষ্টা চলছে।
গতকাল অর্থাৎ সোমবার সোপিয়ান জেলার জাইনপোরা এলাকায় মেলহোরাতে প্রথম অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল এই মেলহোরাতে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন কুখ্যাত জঙ্গি। তাদের খোঁজেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। তবে সেনার উপস্থিতি টের পেয়ে সতর্ক হয়ে যায় লুকিয়ে থাকা জঙ্গিরা। গোপন ডেরা থেকে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। সেই সময়েই সেনার গুলিতে গতকাল নিকেষ হয় এক জঙ্গি।
ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজে জারি ছিল তল্লাশি অভিযান। আজ সকালে সেই অভিযান চলাকালীনই ফের একবার গুলির লড়াই চলে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে। তখন খতম হয় দ্বিতীয় জঙ্গি। দু'জনের দেহ উদ্ধার করে শনাক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এই এনকাউন্টারে নিরাপত্তারক্ষীদের তরফে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। রাতভর অভিযানের পর সেনার হাতে খতম হয়েছে ২ জঙ্গি। নিহত জঙ্গিদের থেকে একে অ্যাসল্ট রাইফেল এবং পিস্তল উদ্ধার করেছেন সেনা জওয়ানরা।
সোপিয়ান জেলার জাইনপোরার মেলহোরা এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে জারি রয়েছে তল্লাশি অভিযান। কড়া নিরাপত্তায় গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। চলছে সেনাবাহিনীর টহলদারি। কড়া নজর রয়েছে পার্শ্ববর্তী সীমান্ত এলাকাতেও, যাতে কোনও ভাবেই লুকিয়ে থাকা জঙ্গিরা পালাতে না পারে। ওই এলাকার বাসিন্দাদের নিরাপত্তা এবং সুরক্ষার খাতিরে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।