দ্য ওয়াল ব্যুরো: একটি রাজ্যের চারটি রাজধানী কি সম্ভব! উত্তরটা আপাত ভাবে 'না' হলেও, অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি নাকি এমনই একটি পরিকল্পনা নিয়েছেন৷ এমনটা জানিয়েছেন বিজেপি সাংসদ টিজি বেঙ্কটেশ। তাঁর দাবি, অমরাবতীতে নয়, চারটি আলাদা শহরে চার-চারটি রাজধানী হবে অন্ধ্রের।
অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী নিয়ে বিতর্ক চলছিলই। এরই মাঝে রাজধানী নিয়ে বিজেপি সাংসদের এমন দাবি শুনে বড় চমকের মুখে সকলে।
অমরাবতীকে ঢেলে সাজিয়ে, তাকে আধুনিক শহর গড়ে তুলে সেখানে রাজধানী করা নিয়ে অনেক দিন ধরেই টানাপড়েন চলছে অন্ধ্রপ্রদেশে। তেলুগু দেশম পার্টির এই প্রস্তাবের সঙ্গে তীব্র মতবিরোধ ছিল ওয়াইএসআর কংগ্রেসের।এবার ক্ষমতায় আসার পরেই জগন্মোহন জানিয়ে দিয়েছেন, অমরাবতীকে রাজধানী হিসেবে চান না তিনি৷ এই নিয়ে ফের তীব্র বিরোধিতা করেছে টিডিপি।
বিজেপি সাংসদ টিজি বেঙ্কটেশ দাবি করেছেন যে, জগন্মোহন রেড্ডি আগেভাগেই কেন্দ্রকে জানিয়ে দিয়েছেন, অন্ধ্রপ্রদেশের রাজধানী হওয়ার যোগ্যতা নেই অমরাবতী শহরের৷ অমরাবতীর জমিও 'অবৈধ' বলে দাবি করেন জগন। তাই চারটি রাজধানীর পরিকল্পনা রয়েছে রেড্ডির। সেগুলি হল, বিজিয়ানগরম, কাকিনাড়া, গুন্টুর ও কাডাপা৷
সূত্রের দাবি, গোটা রাজ্যে সর্ব স্তরে উন্নয়নের লক্ষ্যেই অন্ধ্রে এই চারটি রাজধানী করার পরিকল্পনা নিয়েছেন জগন। বিরোধী দলের নেতা থাকাকালীনই চন্দ্রবাবু নায়ডুর অমরাবতীতে রাজধানী নিয়ে যাওয়ার প্রস্তাবের তীব্র সমালোচনা করেছিলেন জগন্মোহন।
বিজেপি সাংসদ বেঙ্কটেশ বলেন, "অন্য কোনও নেতা কী বলছেন, ভুলে যান। কারণ বিজেপির উচ্চ নেতৃত্ব থেকে আমার কাছে তথ্য আছে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তাঁদের জানিয়ে দিয়েছেন, যে অমরাবতী থেকে রাজধানী সরিয়ে চারটি শহরে রাজধানী গড়ে তোলা হবে খুব তাড়াতাড়ি।" তবে কোন বিজেপি নেতা তাঁকে এমন বলেছেন, সে নাম প্রকাশ করেননি বেঙ্কটেশ।
তিনি আরও জানান, অমরাবতীর সরকারি ভবনগুলিকে আঞ্চলিক অফিস হিসেবে ব্যবহার করা হবে। রাজ্যের মূল প্ল্যানিং বোর্ড ভেঙে চারটি আঞ্চলিক বোর্ড গডারও প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে বিজেপি সাংসদ যা-ই বলুন না কেন, এ নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও ঘোষণা করেননি অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি।