দ্য ওয়াল ব্যুরো: ২৪ ঘণ্টার মধ্যে ফের রক্তাক্ত আমেরিকা। এ বার ওহায়ো। প্রকাশ্যে রাস্তায় গুলিবৃষ্টিতে মৃত্যু হয়েছে ৯ জনের। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বন্দুকবাজেরও। পুলিশ জানিয়েছে ওহায়ো-র ডেটন এলাকায় হামলা চালিয়েছে এক বন্দুকবাজ। আহত হয়েছেন অন্তত ১৬ জন। তাঁদের সকলেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। গোটা ঘটনায় একজনই বন্দুকবাজ ছিল, নাকি জড়িত ছিল আরও কেউ তা জানতে শুরু হয়েছে তদন্ত।
শনিবারই টেক্সাসের একটি শপিং মলে গুলিবৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। আমেরিকা ও মেক্সিকোর সীমান্তের কাছে এল পাসোর সিয়েলো ভিস্তা মলে এই ঘটনা ঘটেছে। সেখানেই রয়েছে ওয়ালমার্ট। অন্তত ২২ জনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে। জখম প্রায় ২৪ জন। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। ২১ বছর বয়সী এক যুবককে পুলিশ ধরতে পেরেছে। গুলিবৃষ্টি এক জনই করেছে না আরও কেউ ছিল, তা এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, যাকে ধরা হয়েছে সে শ্বেতাঙ্গ যুবক। নাম প্যাট্রিক ক্রুসিয়াস। বয়স কুড়ির কোঠায়। সে টেক্সাসের অ্যালেনের বাসিন্দা। সাড়ে ছশো মাইল দূর থেকে এল পাসোতে এসে সে কেন এই কাজ করলো, তা জানতে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আমেরিকায় বন্দুকবাজের হানা নতুন ঘটনা নয়। তবে ২৪ ঘণ্টার মধ্যে পরপর দুটো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছেসমগ্র আমেরিকায়। এই দুটো ঘটনার মধ্যে কোনও যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে এফবিআই। দুটো ঘটনার সঙ্গেই জঙ্গিদের কোনও সম্পর্ক আছে নাকি এটা কোনও হেট ক্রাইম, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। আপাতত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুটো এলাকায়। চলছে জোরদার তল্লাশি।