শেষ আপডেট: 13 December 2019 08:07
২০০২-২০০৩ সাল নাগাদ সাপ ধরার এই কাজ শুরু করেন বিদ্যা। এখন তো কার্যত নেশায় পরিণত হয়েছে। যেসব বন্যপ্রাণী নিরাপদে নেই, সমস্যায় রয়েছে বা হয়তো কোনও কারণে লোকালয়ে এসে পড়েছে সেইসব বন্যপ্রাণকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পাঠানোই বিদ্যা রাজুর কাজ। তবে অন্যান্য বন্যপ্রাণের তুলনায় সাপ উদ্ধারের বেশি ব্যস্ত থাকেন এই মহিলা। যে সাপের নাম শুনলেই আঁতকে ওঠে সাধারণ মানুষ। ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে যায়, শিউরে ওঠে সেই সাপ উদ্ধারকেই নিজের ধ্যান-জ্ঞান করে নিয়েছেন বিদ্যা রাজু।
https://twitter.com/i/status/1204823824186798080
স্বামী ছিলেন ইন্ডিয়ান নেভির কম্যান্ডার। পোস্টিং ছিল গোয়াতে। সেই সময় থেকেই সাপ ধরার নেশা পেয়ে বসে বিদ্যাকে। এবার ২০ কিলোর একটি পাইথন পাকড়াও করেছেন কোচির বিখ্যাত ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার। সঙ্গে ছিলেন আরও জনা চারেক লোক। তবে একা হাতেই পেল্লাই পাইথনকে বাগে এনেছেন বিদ্যা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা গিয়েছে দু'হাত দিয়ে সাপটিকে ধরে একটা বস্তা জাতীয় ব্যাগের মধ্যে ভরছেন বিদ্যা। আশেপাশে থাকা বাকিরাও কে কী করবেন সে ব্যাপারেও নির্দেশ দিতে শোনা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে এর্নাকুলামের কাছে একটি জনবসতি এলাকায় তরঙ্গিণী নামের এক অ্যাপার্টমেন্টের সামনে থেকে উদ্ধার করা হয়েছে ওই সুবিশাল পাইথনটিকে।
নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল বিদ্যা রাজুর পাইথন ধরার এই ভিডিও। মহিলার সাহসিকতার প্রশংসা করেছেন সকলেই। অনেকেই বলছেন, "যেভাবে পাইথনটিকে সামলালেন বিদ্যা তা দেখে হতবাক হয়ে গিয়েছি। ভয়ে আঁতকেও উঠেছি।"