দ্য ওয়াল ব্যুরো: ভিকি কৌশল। বর্তমানে বলিউডের নামি অভিনেতাদের একজন। সঞ্জু এবং মনমরজিয়ার পর কেরিয়ারের গ্রাফটাও উপরের দিকেই উঠছিল। কিন্তু বিপদে ফেলে দিলেন তাঁর বাবা। কারণ এ বার #মি টু বিতর্কে নাম জড়িয়েছে ভিকি কৌশলের বাবা বিখ্যাত স্টান্ট ম্যান শ্যাম কৌশলের। অ্যাসিসটেন্ট নমিতা প্রকাশ যৌন হেনস্থার অভিযোগ এনেছেন শ্যাম কৌশলের বিরুদ্ধে।
নমিতা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ২০০৬ সালে একটি ছবির আউটডোর শ্যুটিং চলার সময়। নমিতা বলেছেন, শ্যুটিং শেষে হোটেলের ঘরে তাঁকে মদ খেতে ডাকেন শ্যাম। কিন্তু শ্যামের কথা বলার ধরণ-আকার-ইঙ্গিত কিছুই ভালোলাগেনি তাঁর। সটান জানিয়ে দেন তিনি মদ খান না। অভিযোগ এরপরেই নমিতাকে জোর করতে শুরু করেন শ্যাম কৌশন। এমনকী শ্যামের বিরুদ্ধে মোবাইলে পর্ন ভিডিও চালিয়ে দেখনোর অভিযোগও তুলেছেন নমিতা। ফোবে জরুরি মেসেজ আসার ভান করে কোনওমতে পালিয়ে আসেন তিনি। ছবির একজিকিউটিভ প্রোডিউসারকে গোটা ব্যাপারটা জানান। সেই সময়ের মতো আর কোনও সমস্যায় পড়তে হয়নি তাঁকে। কিন্তু কিছুদিন পর একটি অফিস পার্টিতে গিয়ে নমিতা জানতে পারেন গোটা ঘটনাটি একটা মুখরোচক গসিপে পরিণত হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসায় ক্ষমা চেয়েছেন শ্যাম কৌশল। তিনি বলেছেন, কেরিয়ারের শুরু থেকেই তিনি কাজের প্রতি নিষ্ঠাবান ছিলেন। পেশাগত এবং ব্যক্তিগত দুই জীবনেই ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছেন। কাউকে কোনও আঘাত দেওয়ার ইচ্ছে তাঁর ছিল না। তাও অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকলে সে জন্য তিনি সবার কাছে ক্ষমাপ্রার্থী।