দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিন বলতে হবে ‘ভারত মাতা কি জয়’৷ না হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে৷ এমনটাই ঘোষণা করেছে উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ড৷
শনিবার ওয়াকফ বোর্ড একটি নির্দেশিকা জারি করে৷ তাতে বলা হয়েছে, ওয়াকফ বোর্ডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অর্থাৎ ১৫ অগস্ট ‘ভারত মাতা কি জয়’ বলা বাধ্যতামূলক৷ জাতীয় সঙ্গীতের পরই বলতে হবে ‘ভারত মাতা কি জয়’৷ সেই সাথে আরও বলা হয়েছে নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যাম ওয়াসিম রিজভি জানিয়েছেন, ম্যানেজিং কমিটির দায়িত্ব এটা দেখার যে বোর্ডের নির্দেশ ঠিক মতো মানা হচ্ছে কিনা৷ এই নির্দেশ যে মানবে না তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি আরও জানান, ভারতকে ‘মাদরে ওয়াতন’ (মাতৃভূমি) বলতে কোনও আপত্তি নেই মুসলিমদের৷ আর তাই ‘ভারত মাতা কি জয়’ বলার বিরোধীতা করার মধ্যে যৌক্তিকতাও নেই৷
এই রিজভিই কয়েকদিন আগে জানিয়েছিল, মুসলিমদের গোরুর মাংস খাওয়া বন্ধ করে দেওয়া উচিত৷ তার মতে, অন্য ধর্মের ভাবাবেগে আঘাত করে এমন কাজ করা উচিত নয়৷ বলেছিলেন, ‘‘গো হত্যা বন্ধ হওয়া উচিত৷ গোরুর মাংসকে ইসলামে হারাম বলা হয়েছে৷ গণপিটুনি বন্ধ করা পুরোপুরি সম্ভব নয়৷ সব জায়গায় নিরাপত্তা কর্মী পাঠানো সম্ভব নয়৷ তাই গোহত্যা বন্ধে কড়া আইন আনা দরকার৷’’