অসমে বাঙালি হত্যা: রবিবার তিনসুকিয়া যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল
দ্য ওয়াল ব্যুরো: অসমের তিনসুকিয়া জেলার ঢোলা খেরবাড়িতে পাঁচ বাঙালির হত্যার খবর পেয়েই গর্জে উঠেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক দিয়েছিলেন পরের দিনই প্রতিবাদে রাস্তায় নামার। শুক্রবার গোটা রাজ্যের সব জেলাতেই অসমের গণহত্যার বির
শেষ আপডেট: 3 November 2018 10:34
দ্য ওয়াল ব্যুরো: অসমের তিনসুকিয়া জেলার ঢোলা খেরবাড়িতে পাঁচ বাঙালির হত্যার খবর পেয়েই গর্জে উঠেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক দিয়েছিলেন পরের দিনই প্রতিবাদে রাস্তায় নামার। শুক্রবার গোটা রাজ্যের সব জেলাতেই অসমের গণহত্যার বিরুদ্ধে কর্মসূচি নিয়েছিল তৃণমূল। কিন্তু এখানেই থামছেন না দিদিমণি। রবিবারই তিনসুকিয়ার ওই গ্রামে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল।
সাংসদ এবং বিধায়কদের ওই প্রতিনিধি দল রবিবার সকালের বিমানে অসমে যাবেন। দুপুরের মধ্যেই ওই গ্রামে তৃণমূলের সাংসদ, বিধায়করা পৌঁছে যাবেন বলে খবর। নিহতদের পরিবারের হাতে তৃণমূলের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। প্রতিনিধি দলে থাকবেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, নাদিমুল হক, মমতাবালা ঠাকুর। মহুয়া মৈত্রর যাওয়ার কথা থাকলেও তিনি যাবেন না বলে জানিয়েছেন।
আরও পড়ুন- অসমে পাঁচ বাঙালি খুন: আলফার কাঁধে বন্দুক রেখে ট্রিগার টিপল অন্য কেউ?
জাতীয় নাগরিক পঞ্জিকরণের সময়ও প্রতিনিধি দল পাঠিয়েছিলেন মমতা। কিন্তু সে বার নিরাপত্তার বিধি দেখিয়ে শিলচর বিমানবন্দরের বাইরে তৃণমূলের সাংসদ, বিধায়কদের পা-ই রাখতে দেয়নি অসমের পুলিশ। কিছুটা ধস্তাধস্তি হলেও বিমানবন্দরের বাইরে যেতে পারেন নি তাঁরা। সারারাত বিমানবন্দরের লাউঞ্জে কাটিয়ে, কোনও রকমে রুটি তরকারি খেয়ে পরের দিনের সকালের বিমান ধরে কলকাতায় ফিরে আসতে হয় ফিরহাদ হাকিম, সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, মমতাবালা ঠাকুরদের। এখন দেখার, তিনসুকিয়া যাওয়া নিয়ে সেরকম কোনও পরিস্থিতি হয়, না কি তৃণমূলের প্রতিনিধিদল গ্রামে পৌঁছতে পারে।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন