পরিধি বাড়ছে জঙ্গি কার্যকলাপের, পাঞ্জাবে ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে একে-৪৭ সহ ধৃত তিন কাশ্মীরি ছাত্র
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বুকে জঙ্গি কার্যকলাপ ধীরে ধীরে কাশ্মীরের গণ্ডি পেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে । পাঞ্জাবে অস্ত্রসহ ধরা পড়ল তিন কাশ্মীরি ছাত্র। এরা কাশ্মীরি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পাঞ্জাব পুল
শেষ আপডেট: 11 October 2018 06:13
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বুকে জঙ্গি কার্যকলাপ ধীরে ধীরে কাশ্মীরের গণ্ডি পেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে । পাঞ্জাবে অস্ত্রসহ ধরা পড়ল তিন কাশ্মীরি ছাত্র। এরা কাশ্মীরি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পাঞ্জাব পুলিশ ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ পাঞ্জাবের জলন্ধর শহরের সিটি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি'র হস্টেলে হানা দিয়ে এই তিন ছাত্রকে গ্রেফতার করে। পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল সুরেশ আরোরা জানিয়েছেন, পাঞ্জাবের জলন্ধর শহরের কাছে শাহপুরে ওই ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে বি টেক ( সিভিল )-এর দ্বিতীয় সেমেস্টারের ছাত্র জাহিদ গুলজারের ঘরে হানা দেয় পুলিশ। সেখান থেকে একটি এক ৪৭ সহ দুটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর এই জাহিদের বাড়ি কাশ্মীরের রাজপোরায়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও দুই ছাত্র মহম্মদ ইদ্রিশ শাহ ও ইউসুফ রফিক ভাটকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনেরই বাড়ি কাশ্মীরের পুলওয়ামায়। পুলিশ জানিয়েছে, এই তিন ছাত্র কাশ্মীরি জঙ্গি সংগঠন আনসার গাজওয়াত-উল-হিন্দ-এর সদস্য। এছাড়া এদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদেরও যোগ পাওয়া গেছে। সামনে দশেরা ও দিওয়ালি'র উৎসবের সময় পাঞ্জাব ও দিল্লিতে নাশকতা চালানোর ছক ছিল এই জঙ্গিদের বলে মনে করা হচ্ছে।

জলন্ধরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানিয়েছেন, পাঞ্জাব ও জম্মু কাশ্মীর পুলিশের ইনটেলিজেন্স মারফত খবর পেয়েই এই হানা চালানো হয়েছিল। তিনি জানিয়েছেন, তিনজনকে লাগাতার জেরা করা হচ্ছে। জেরায় আরও অনেক তথ্য উঠে আসছে বলে জানা গেছে।
সম্প্রতি পাটিয়ালা জেলার বানুরের এরিয়ান গ্রুপ পলিটেকনিক কলেজের ছাত্র আদতে কাশ্মীরের সোপিয়ানের বাসিন্দা গাজি আহমেদ মালিককে গ্রেফতার করেছিল পাঞ্জাব পুলিশ। পুলিশ সূত্রে খবর গাজি জম্মু-কাশ্মীরের স্পেশ্যাল পুলিশ অফিসার আদিল বশির শেখের আত্মীয়। এই আদিল বশির শেখের বিরুদ্ধে অভিযোগ তিনি শ্রীনগরের পিডিপি'র এক এমএলএ'র বাড়ি থেকে সাতটি বন্দুক চুরি করে চম্পট দিয়েছেন। তিনি জঙ্গি দল হিজবুল মুজাহিদ্দিনে যোগ দিয়েছেন বলে জানা গেছে। গাজিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাকে জম্মু-কাশ্মীর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে বর্তমানে ভারতে জঙ্গি কার্যকলাপ সম্বন্ধে অনেক তথ্য পাওয়া গেছে। সেগুলো কাজে লাগানো হবে। ধৃত তিন ছাত্রের বিরুদ্ধে আইপিসি ১২১, ১২১-এ ও ১২০-বি ধারায় অস্ত্র ও বোমা রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাঞ্জাব ও জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে, তাঁরা যৌথভাবে কাজ করছেন, যাতে এই দুই রাজ্যে যেসব জঙ্গি কার্যকলাপ শুরু হয়েছে সেগুলো আটকানো যায়।
পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল সুরেশ আরোরা জানিয়েছেন, তিন ছাত্রের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া থেকেই বোঝা যাচ্ছে কাশ্মীর থেকে ভারতের অন্যান্য এলাকাতেও জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে ফেলার চেষ্টা করছে আইএসআই। তবে ভারতীয় সেনা ও গোটা দেশের পুলিশ এই জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় তৈরি বলে জানিয়েছেন তিনি।