দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে আগেই ময়দানে নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপের মামলাও দায়ের করেছিল ইডি। এ বার রিয়া চক্রবর্তীকে সমন পাঠালো তারা। শুক্রবারের মধ্যে রিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে।
পাটনার রাজেন্দ্র নগর থানায় সুশান্তের বান্ধবী রিয়া, তাঁর ভাই শৌভিক-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন প্রয়াত অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। রিয়ার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন তিনি। সুশান্তের বাবার কথায়, রিয়ার সঙ্গে থাকাকালীন তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকার লেনদেন হয়েছে। তবে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সেটি সুশান্তের নয় বলেই দাবি করেন তাঁর বাবা।
১৫ কোটি টাকার রহস্যজনক লেনদেনের পিছনে থাকা সত্যি প্রকাশ্যে আনতে তদন্তে নামে ইডি। সুশান্তের বাবার করা এফআইআর-এর প্রতিলিপি খতিয়ে দেখে আগেই আর্থিক তছরুপের মামলা রুজু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ বার রিয়া চক্রবর্তীকে সমন পাঠালো ইডি।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সবচেয়ে বেশি জল্পনা হচ্ছে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে। তবে রিয়া কোথায় রয়েছেন তা কিছুতেই জানা যাচ্ছে না। বিহার পুলিশও হন্যে হয়ে খুঁজছে রিয়াকে। যদিও এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি। সম্প্রতি রিপাবলিক টিভির একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে গভীর রাতে মুম্বইয়ের বাড়ি ছেড়েছেন রিয়া। সঙ্গে ছিলেন বাবা-মা এবং ভাই। একটি নীল গাড়িতে চড়ে বড় স্যুটকেস নিয়ে নাকি তাঁদের চলে যেতে দেখা গিয়েছে।
রিয়া কোথায় রয়েছেন তা জানা না গেলেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরই প্রকাশ পায় একটি ভিডিও। গত শুক্রবার ৩১ জুলাই সন্ধেবেলায় ওই ভিডিও প্রকাশ করেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্দে। সেখানে দেখা যায় কাঁদতে কাঁদতে নিজের সাফাই দিচ্ছেন রিয়া। তিনি বলেন, “আমার ভগবান ও দেশের আইন ব্যবস্থায় পুরো বিশ্বাস আছে। আমি বিশ্বাস করি আমি ন্যায়বিচার পাব। যদিও সংবাদমাধ্যমে আমার নামে অনেক খারাপ কথা বলা হয়েছে, আমি আমার আইনজীবীদের পরামর্শে সেই বিষয়ে কোনও মন্তব্য করব না। কারণ এই বিষয় আইনের অধীনে রয়েছে।” ভিডিওর শেষে রিয়াকে বলতে শোনা যায়, “সত্যমেব জয়তে। সত্যিটা ঠিক বেরিয়ে আসবে।”