দ্য ওয়াল ব্যুরো: ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার এনকাউন্টার দক্ষিণ কাশ্মীরে। এবার পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে ঝঁঝরা হয়ে গিয়েছে ৩ জঙ্গি। আজ মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার হরকিপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তাবাহিনীর। গোপন সূত্রে সেনার কাছে খবর ছিল হরকিপোরায় গা-ঢাকা দিয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সেই সূত্র ধরে অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনী যৌথ ভাবে এই অভিযান চালাচ্ছিল।
সেনার উপস্থিতি টের ওইয়ে যায় জঙ্গিরা। লুকিয়ে থাকা অবস্থা গুলি চালাতে থাকে তারা। এদিকে ততক্ষণে গোটা গ্রাম ঘিরে ফেলেন জওয়ানরা। গ্রামবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। দু'পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। আর তাতেই খতম হয়েছে ৩ জঙ্গি। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। নিরাপত্তারক্ষীদের তরফে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ক্ষতি হয়নি গ্রামবাসীদেরও। আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা জানতে জারি রয়েছে তল্লাশি। নিরাপত্তাবাহিনীর টহলদারি চলছে হরকিপোরা জুড়ে। সীমান্ত দিয়ে যাতে জঙ্গিরা পালাতে না পারে সেজন্যও সেদিকেও রয়েছে কড়া নজরদারি।
অন্যদিকে গতকাল বিকেল থেকেই সেনা জঙ্গি সংঘর্ষ শুরু হয়েছিল সোপিয়ানে। সেখানকার জাইনপোরা এলাকায় মেলহোরাতে প্রথম অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল এই মেলহোরাতে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন কুখ্যাত জঙ্গি। তাদের খোঁজেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। তবে সেনার উপস্থিতি টের পেয়ে সতর্ক হয়ে যায় লুকিয়ে থাকা জঙ্গিরা। গোপন ডেরা থেকে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। সেই সময়েই সেনার গুলিতে গতকাল নিকেষ হয় এক জঙ্গি।
ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজে জারি ছিল তল্লাশি অভিযান। আজ সকালে সেই অভিযান চলাকালীনই ফের একবার গুলির লড়াই চলে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে। তখন খতম হয় দ্বিতীয় জঙ্গি। দু’জনের দেহ উদ্ধার করে শনাক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। নিহত জঙ্গিদের নাম-পরিচয় জানা যায়নি। সেনার তরফে জানানো হয়েছে এই জঙ্গিরা কোন সংগঠনের সদস্য তা জানার চেষ্টা চলছে।এই এনকাউন্টারে নিরাপত্তারক্ষীদের তরফে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। নিহত জঙ্গিদের থেকে একে অ্যাসল্ট রাইফেল এবং পিস্তল উদ্ধার করেছেন সেনা জওয়ানরা।