দ্য ওয়াল ব্যুরো: বিমান ধরতে বেরিয়ে জ্যামে আটকে পড়ে বেশ কিছুটা দেরি হয়ে গেছিল অশোকবাবুর। তারপর বিমানবন্দরে গিয়ে পোহাতে হলো হাজারও হ্যাপা। একের পর এক চেকিংয়ের ঘেরাটোপ পেরিয়ে তিনি দেখলেন, যে বিমান ধরতে গিয়েছিলেন, সেটা উড়ে গিয়েছে।
এমন সমস্যায় পড়তে হয়ে অনেক যাত্রীকেই। কিন্তু এ বার থেকে আর সেই সমস্যায় পড়তে হবে না তাঁদের। মুশকিল আসান করতে এগিয়ে এল হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু কীভাবে? এ বার থেকে শুধুমাত্র ক্যামেরার দিকে তাকিয়েই পেরিয়ে যাওয়া যাবে সব নিরাপত্তার ঘেরাটোপ। অর্থাৎ, আপনার মুখই হতে চলেছে আপনার বোর্ডিং পাস। এমনটাই জানিয়েছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে খবর, কোনও যাত্রী যখন প্রথমবারের জন্য বিমানবন্দরে যাবেন, তখনই হাই টেক ক্যামেরায় তুলে রাখা হবে তাঁর ছবি। পরের বার থেকে যখন তিনি বিমান ধরতে যাবেন তখন ওই তুলে রাখা ছবিই হয়ে যাবে তাঁর বিমানবন্দরে ঢোকার ছাড়পত্র। অন্য কোনও পরিচয়পত্র দেখাতে হবে না তাঁকে। এর ফলে একদিকে যেমন পুরো প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে, তেমনই যাত্রীদের কোনও সমস্যায় পড়তে হবে না। এমনটাই জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
২০১৮ সালের শেষ দিকে প্রথমে সমস্ত অন্তর্দেশীয় বিমান ধরার ক্ষেত্রে এই প্রক্রিয়া চালু করা হবে বলে বিমানবন্দর সূত্রে খবর। ধীরে ধীরে তা চালু হবে আন্তর্জাতিক বিমান ধরার ক্ষেত্রে। অনেক দেশেই এই ধরণের ব্যবস্থা আছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ভারতে এই প্রথম কোনও বিমানবন্দরে চালু হতে চলেছে এই প্রক্রিয়া। ধীরে ধীরে তা দেশের অন্যান্য বিমানবন্দরেও চালু হয়ে যাবে বলে আশা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের।