দ্য ওয়াল ব্যুরো: ফের অশান্ত ভূস্বর্গ।নিয়ন্ত্রণরেখার ওপার থেকে হামলা চালাল পাকিস্তান। লঙ্ঘন করল সংঘর্ষবিরতি চুক্তি। আর সেই হামলায় শহিদ হলেন এক সেনা জওয়ান। নিহত সেনার নামও যশ পাল (২৪)।
বৃহস্পতিবার সকাল থেকে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে হামলা চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। ভারতের সুন্দরবেণী সেক্টরের দিক থেকে সেনার তরফে যোগ্য জবাব দেওয়া শুরু হয়।
প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা হয়। শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। পুলওয়ামা হামলার দায় নিয়েছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।
এর পর থেকেই সারা দেশ জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের মনোভাব দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কেন্দ্রীয় ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক করে সেনাবাহিনীকে যা করার করতে বলে দেন। বারো দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের বালাকোটে জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটিতে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয় মাসুদ আজাহরের হেড কোয়ার্টার।
ওই হামলার পর পাকিস্তানের তরফে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গোলাবর্ষণের পরিমাণ বাড়তে থাকে। এমনকী আকাশপথেও হামলা চালানোর চেষ্টা হয় পাকিস্তানের তরফে। তিনটি এফ-১৬ ও একাধিক যুদ্ধবিমান নিয়ে ভারতের আকাশসীমায় ঢুকে পড়েছিল পাকিস্তান। প্রতিহত করে ভারতীয় সেনা। তবে উপত্যকা যে এখনও অশান্ত, ফের তার প্রমাণ মিলল এ দিন।