হিমাচলে ধরা পড়ল তুষার চিতা, ৪০টিরও বেশি ভেড়া মেরেছে, জানাল বনদফতর
দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশের লাহুল এবং স্পিতি জেলা থেকে উদ্ধার হয়েছে একটি তুষার চিতা। বনদফতর সূত্রে খবর, প্রায় ৪০টি-র উপর ভেড়া শিকার করেছে এই স্নো লেপার্ড বা তুষার চিতাটি।
গত শনিবার স্পিতি জেলার গেউ গ্রাম থেকে পাকড়াও করা হয়েছে এই তুষার
শেষ আপডেট: 4 May 2020 05:14
দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশের লাহুল এবং স্পিতি জেলা থেকে উদ্ধার হয়েছে একটি তুষার চিতা। বনদফতর সূত্রে খবর, প্রায় ৪০টি-র উপর ভেড়া শিকার করেছে এই স্নো লেপার্ড বা তুষার চিতাটি।
গত শনিবার স্পিতি জেলার গেউ গ্রাম থেকে পাকড়াও করা হয়েছে এই তুষার চিতাটিকে। লাহুল-স্পিতির কাজা এলাকার ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) হরদেব নেগি জানিয়েছেন, স্থানীয়দের সাহায্যেই ফাঁদ পেতে ধরা হয়েছে তুষার চিতাটিকে। রবিবার তাকে পাঠানো হয়েছে সিমলা জেলার কুফরিতে অবস্থিত হিমালয়ান নেচার পার্কে।
কীভাবে এই স্নো লেপার্ডটি লোকালয়ে পৌঁছে গিয়েছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিনে স্পিতি জেলার গেউ গ্রামে ত্রাস সৃষ্টি করেছিল এই তুষার চিতা। সুযোগ পেলেই তুলে নিয়ে যেত ভেড়া। আতঙ্কে ছিলেন ভেড়ার পালের মালিকরাও। তবে এবার বাঘটি বনদফতরের হাতে ধরা পড়তে খানিক স্বস্তি পেয়েছেন গ্রামবাসীরা। তবে নয় নয় করে ৪০-টিরও বেশি ভেড়া ইতিমধ্যেই সাবাড় করেছে তুষার চিতাটি।
কুফরির হিমালয়ান নেচার পার্কে পাঠানোর পর তুষার চিতাটির শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা। ভালই রয়েছে সে। কিন্তু কীভাবে স্পিতির গেউ গ্রামে এই তুষার চিতাটি এসেছিল, কোথা থেকে বা হয়েছিল তার আগমন, এবং গ্রামের আর কী কী ক্ষতি করেছে এই স্নো লেপার্ড---আপাতত সেই সব ব্যাপারেই খোঁজখবর শুরু করেছেন বনদফতরের আধিকারিকরা।