শরদ পাওয়ারের বড় ঘোষণা, ‘মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি-শিবসেনা সরকার গড়বে, পাঁচ বছর চলবে’
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে অবশেষে জট কাটার সম্ভাবনা দেখা দিল। শুক্রবার দুপুরে এনসিপি নেতা শরদ পাওয়ার জানিয়ে দিলেন, মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস, এনসিপি ও শিবসেনা। মারাঠা স্ট্রং ম্যান এও দাবি করেন, “অভিন্ন কর্মসূচি নিয়ে তিন দল
শেষ আপডেট: 15 November 2019 09:53
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে অবশেষে জট কাটার সম্ভাবনা দেখা দিল। শুক্রবার দুপুরে এনসিপি নেতা শরদ পাওয়ার জানিয়ে দিলেন, মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস, এনসিপি ও শিবসেনা। মারাঠা স্ট্রং ম্যান এও দাবি করেন, “অভিন্ন কর্মসূচি নিয়ে তিন দল ঐক্যমতে পৌঁছেছে। সরকার যাতে পাঁচ বছর চলে তা সুনিশ্চিত করব”।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল গত ২৪ অক্টোবর। কিন্তু সরকার গঠনের রফাসূত্র নিয়ে শিবসেনা-বিজেপি-র বনিবনা হয়নি। কারণ, অর্ধেক মেয়াদ তথা আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদের দাবি জানাচ্ছিলেন উদ্ধব ঠাকরে। তাতে রাজি হয়নি বিজেপি। এই পরিস্থিতিতেই রাজ্যে বিকল্প জোট গঠনে নেমে পড়ে শিবসেনা। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েন শরদ পওয়ারও। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে এ ব্যাপারে রাজি করানোরও চেষ্টা শুরু হয়ে যায়। সে জন্য পাওয়ার যেমন সক্রিয় ছিলেন তেমনই সক্রিয় ছিলেন রাজ্যের কংগ্রেস নেতাদের বড় অংশ। কংগ্রেস, এনসিপি ও সেনার মধ্যে এভাবেই যখন বোঝাপড়ার চেষ্টা চলছে তখন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়াড়ির পরামর্শ মেনে তড়িঘড়ি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয় কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার।
[caption id="attachment_159074" align="aligncenter" width="1200"]

ভগৎ সিং কোশিয়ারি, মহারাষ্ট্রের রাজ্যপাল[/caption]
কিন্তু পওয়ার ও উদ্ধবই সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন এতেও রোখা যাবে না তাঁদের। মহারাষ্ট্রে সরকার তাঁরা গড়বেনই। এ দিন পওয়ার জানান, সেটাই হতে চলেছে।
তাঁকে প্রশ্ন করা হয়, মতাদর্শগত ভাবে বিপরীত মেরুতে থাকা কট্টর হিন্দুবাদী দলের সঙ্গে কংগ্রেস-এনসিপি কদিন সরকার চালাতে পারবে? বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ তো বলছেন, ৬ মাসও সরকার টিকবে না। জবাবে পোড় খাওয়া রাজনীতিক পওয়ার বলেন, “দেবেন্দ্রকে অনেকদিন ধরে চিনি। তবে ও যে জ্যোতিশাস্ত্রও জানে তা জানতাম না।”
এখানেই থামেননি পাওয়ার। কদিন আগে ফড়নবীশ বলেছিলেন, “আমি আবার ফিরে আসব।” এ ব্যাপারে তাঁকে কটাক্ষ করে পাওয়ার এদিন বলেন, কদিন ধরে আমার মনে মধ্যেও এ কথাই চলছে—আমি আবার ফিরে আসব..আমি আবার ফিরে আসব”।
এনসিপি ও সেনা সূত্রে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী পদে বসবেন শিবসেনারই কোনও নেতা। সম্ভবত উদ্ধব ঠাকরেই মুখ্যমন্ত্রী হবেন। মন্ত্রিসভায় কোন দলের কী অনুপাতে প্রতিনিধিত্ব থাকবে এবং কোন দল কী দফতর পাবে তা নিয়েও রফাসূত্র তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে কংগ্রেস আদৌ মন্ত্রিসভায় সামিল হবে কিনা।
দশ নম্বর জনপথ ঘনিষ্ঠ এক নেতা এ দিন বলেন, শিবসেনার সঙ্গে সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা সনিয়া গান্ধীর জন্য কম চিন্তার ছিল না। এ ক্ষেত্রে কংগ্রেসের শর্ত মানতে রাজি হয়েছে সেনা। তাঁর কথায়, কংগ্রেসের আসল লক্ষ্য ছিল বিজেপি-কে ধাক্কা দেওয়া। মহারাষ্ট্রে ওদের বাদ দিয়ে সরকার গঠন হলে বিজেপি-যে বড় ধাক্কা খাবে তা নিয়ে সংশয় নেই।