মাউন্ট গিলাউয়ে'র শিখরে সত্যরূপ, সাত মহাদেশের সাত আগ্নেয়গিরি জয়ে রইল বাকি 'দুই'
দ্য ওয়াল ব্যুরো: সাত মহাদেশের সাত সর্বোচ্চ শৃঙ্গ জয় আগেই হয়ে গেছে। এখন লক্ষ্য বিশ্বের সর্বকণিষ্ঠ পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাত আগ্নেয়গিরি জয়। সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগোলেন বিশ্বের পর্বতারোহীদের দরবারে বাঙালিদের 'শান' সত্যরূপ সিদ্ধান্ত
শেষ আপডেট: 10 November 2018 10:54
দ্য ওয়াল ব্যুরো: সাত মহাদেশের সাত সর্বোচ্চ শৃঙ্গ জয় আগেই হয়ে গেছে। এখন লক্ষ্য বিশ্বের সর্বকণিষ্ঠ পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাত আগ্নেয়গিরি জয়। সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগোলেন বিশ্বের পর্বতারোহীদের দরবারে বাঙালিদের 'শান' সত্যরূপ সিদ্ধান্ত।
শুক্রবার ভোরে প্রথম ভারতীয় হিসেবে সত্যরূপ জয় করলেন পাপুয়া নিউ গিনির সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট গিলাউয়ে। সাত মহাদেশের সাত আগ্নেয়গিরির মধ্যে এটি ছিল পাঁচ নম্বর। এই খবর পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের তরফে ভেসে আসতে থাকে একের পর এক শুভেচ্ছা বার্তা। দেশের সম্মান যে ভাবে বিশ্বের দরবারে তিনি তুলে ধরেছেন, সেই ব্যাপারে অনেকে তাঁকে শুভেচ্ছা জানান।
ছেলের এই সাফল্যে গর্বিত সত্যরূপের মা-বাবাও। পরবর্তীকালে সত্যরূপ যে আরও অনেক শৃঙ্গ জয় করবেন, এ ব্যাপারে আশাবাদী তাঁরা। এর আগে দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনা ও চিলি সীমান্তে আন্দিজ পর্বতমালার উপর অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ওজস ডেল সালাডো জয় করেছেন সত্যরূপ। সক্রিয় এই আগ্নেয়গিরির উচ্চতা ৬৮৯৩ মিটার। মাল্লি মাস্তান বাবুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন সত্যরূপ। শুধু এই নয়, এর আগে মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট এভারেস্ট, মাউন্ট কসকিয়স্কো, মাউন্ট এলব্রুজ, মঁ ব্লাঁ, মাউন্ট ডেনালি, মাউন্ট আকাঙ্কাগুয়া প্রভৃতির শিখরে পা রেখেছেন এই বাঙালি পর্বতারোহী।
তবে এ বারের অভিযানের শুরুতেই বাধা পেতে হয়েছিল তাঁকে। অভিযোগ, অভিযানের শুরুতে সত্যরূপকে সিঙ্গাপুরে যাওয়ার বোর্ডিং পাস দিতে সমস্যা করছিল বিমান সংস্থা ইন্ডিগো। লাগেজ ট্রান্সফারের ক্ষেত্রেও বিমান সংস্থার তরফে অনীহা প্রকাশ করা হয়। পুরো বিষয়টি বিদেশমন্ত্রকে জানান সত্যরূপ। তারপরে নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয় ইন্ডিগো।