দ্য ওয়াল ব্যুরো: ক্যাবের মধ্যে চালকের হেনস্থার হাত থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়েছেন দুই তরুণী। পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার এই ঘটনা ঘটেছে পঞ্জাবের অমৃতসরে। গুরুতর ভাবে জখম হয়েছেন দুই তরুণীই। ঘটনার সময় ক্যাবে ছিলেন আর এক তরুণী। প্রত্যক্ষদর্শীদের কথায়, তাঁরা আচমকাই দেখতে পান যে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়েছে দুই তরুণী। ব্যাপারটা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। ক্যাবটিকে ধাওয়া করতে ছুটতে থাকেন কয়েকজন। তাঁরাই এই তৃতীয় তরুণীকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, অমৃতসরের রঞ্জিত অ্যাভিনিউতে একটি রেস্তোরাঁয় যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন এই তিনজন তরুণী। পুলিশকে তাঁরা জানিয়েছেন, ক্যাবে ওঠার পর প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎই মাঝ রাস্তায় একজনের সঙ্গে অশালীন আচরণ শুরু করে গাড়ির চালক। বাধা দিয়েও লাভ হয় না। বরং গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় চালক। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে অসভ্যতামো। বিপদ বুঝে কোনও উপায় না দেখেই দ্রুত গতির চলন্ত গাড়ি থেকে লাফ দেন দুই তরুণী। তখনও ক্যাবের ভিতেরই ছিলেন আর একজন তরুণী।
এদিকে চলন্ত ক্যাব থেকে দুই তরুণীকে ঝাঁপ দিতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলেন তাঁরা। উদ্ধার করেন তৃতীয় তরুণীকে। কিন্তু সুযোগ বুঝে চম্পট দেয় চালক। এরপর প্রত্যক্ষদর্শীরাই পুলিশে খবর দেন। তারা এসে তিনজনের বয়ান রেকর্ড করে। তিন তরুণীর অভিযোগের ভিত্তিতে হন্যা হয়ে অভিযুক্ত ক্যাব চালককে খুঁজতে শুরু করে পুলিশ। তার চেহারার আদলের বিবরণ আর গাড়ির নম্বর পুলিশ আগেই জেনেছিল আক্রান্তদের থেকে। খানিকক্ষণের খোঁজাখুঁজিতেই ধরা পড়ে ক্যাবের চালক। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
পুলিশ জানিয়েছে, সুস্থ রয়েছেন তিন তরুণী। যে ২ জন চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিলেন তাঁদের কাল উদ্ধার করেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের সাহায্যেই উদ্ধার হয়েছেন ক্যাবে আটকে পড়া তৃতীয় তরুণী। প্রত্যক্ষদর্শীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। কী কারণে ওই ক্যাব চালক এমন কাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তিন তরুণীকে গাড়ির ভিতর হেনস্থার অভিযোগে মামলা রুজু হয়েছে এই ক্যাব চালকের বিরুদ্ধে।