
শেষ আপডেট: 8 February 2019 09:34
সন্দেহ নেই, উনিশের ভোটের আগে এই নোট ফাঁস হয়ে যাওয়া মানে জাতীয় রাজনীতিতে বিস্ফোরণ ঘটে যাওয়া। বৃহস্পতিবারও লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাফায়েল প্রসঙ্গে কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেছিলেন, এ ব্যাপারে মিথ্যা প্রচার হচ্ছে। বরং এর আগে সততার সঙ্গে কোনও প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করা হয়নি। কখনও চাচা কখনও বা মামা এসে পড়েছে।
কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের এই ফাঁস হওয়া নোট মোদীর দাবিকে চুপসে দিয়েছে বলে অনেকে মনে করছেন। কারণ, এই নোট অনেক প্রশ্ন তুলছে। প্রথমত কীসের স্বার্থে রাফায়েলের দরকষাকষিতে নাক গলিয়েছিল প্রধানমন্ত্রীর সচিবালয়? কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল কি? তা ছাড়া রাফায়েল নিয়ে সুপ্রিম কোর্টে মামলার সময় সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছিল যে , প্রধানমন্ত্রীর সচিবালয় এ ব্যাপারে কোনওরকম দরকষাকষির মধ্যে ছিল না। ফরাসি সরকারের সঙ্গে যা দরকষাকষি করার, তা প্রতিরক্ষা মন্ত্রকই করেছে। ফলে আদালতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। যা সুপ্রিম কোর্টকে অবমাননা করার সামিল।
স্বাভাবিক ভাবেই এ দিন সাত সকালে ওই নোট হাতে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার পর বলেছেন, “তা হলে প্রমাণ হয়ে গেল যে চৌকিদারই চোর। মোদীজি তো আমার আপনার সুবিধার জন্য রাফায়েল নিয়ে দরকষাকষিতে নাক গলাননি। তা তিনি করেছিলেন, অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি টাকা ফায়দা পাইয়ে দিতে।”
এই নোট ফাঁসের ঘটনায় ফের নাম উঠে এসেছে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করের। মাঝে একটি অডিও টেপ ফাঁস হয়েছিল তাঁকে নিয়ে। তাতে শোনা যাচ্ছিল, গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী পারিক্কর মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, রাফায়েল চুক্তি নিয়ে তাঁর বেডরুমে কাগজ রেখে দিয়েছেন তিনি।
প্রশ্ন উঠেছে তিনি কি এই নোটটির কথাই বলতে চেয়েছিলেন? রাজনৈতিক ভাবে পারিক্কর সৎ ও নিষ্ঠাবান বলেই পরিচিত। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির কোনও অভিযোগ নেই। অনেকের মতে, হয়তো বা নিজের সততার প্রমাণ রাখতেই কিছু নথির প্রতিলিপি নিজের কাছে রেখেছিলেন পারিক্কর। কারণ, প্রধানমন্ত্রীর সচিবালয় দরকষাকষি করার ফলে কোনও বিতর্ক তৈরি হলে তাঁর ঘাড়ে দায় পড়তে পারে। সম্প্রতি আবার অসুস্থ পারিক্করের সঙ্গে গোয়ায় তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন রাহুল। সব মিলিয়ে নোট ফাঁস নিয়ে ধোঁয়াশার চাদর যেন কেউ বিছিয়ে দিয়েছে নয়াদিল্লির ক্ষমতার করিডরের উপর।
এই অবস্থায় প্রধানমন্ত্রী বা তাঁর সচিবালয় অবশ্য কোনও মন্তব্য করেনি। তবে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন বলেন, রাফায়েল নিয়ে সব প্রশ্নের জবাব স্বচ্ছতার সঙ্গে সংসদে দিয়েছে সরকার। এ ব্যাপারে খামোখা মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস এবং স্বার্থাণ্বেষী কেউ কেউ।