দ্য ওয়াল ব্যুরো : প্রতিবেশীর ১৩ বছরের মেয়েকে নিয়ে পালিয়েছিল গুজরাটের দ্বারকা জেলার হরি ওম নামে এক যুবক। মেয়েটির বাবা ও তাঁর আরও তিন সঙ্গী ঠিক খুঁজে বার করলেন তাকে। বেধড়ক মারধর করে মুখে ঢেলে দিলেন বিষ।
পুলিশ জানিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর হরি ওম মেয়েটিকে নিয়ে পালায়। মেয়ের বাবা নিকটবর্তী দাবি থানায় অভিযোগ করেন। কিন্তু পুলিশের ওপরে ভরসা না করে নিজেই তিন সঙ্গীকে নিয়ে হরি ওমকে খুঁজতে বেরন। পুলিশের আগে তিনি ছেলেটিকে খুঁজেও পেয়ে যান।
তাঁরা চারজন মিলে হরি ওমকে টেনে নিয়ে যান নির্জন জায়গায়। তারপর মারধর করে বিষ খাইয়ে দেন। পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ভাবে মাতাল । তারা পুলিশকে জানায়, এক যুবক নেশা করে ঝোপে পড়ে আছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দ্বারকার ডিসিপি অ্যান্টো আলফানসো জানিয়েছেন, মেয়েটির বাবার নামে এফআইআর করা হয়েছে।