দ্য ওয়াল ব্যুরো: ১৩,০০০ ফুট উঁচুতে থাকা বিমান থেকে ঝাঁপ দিলেন পদ্মশ্রী প্রাপক স্কাইডাইভার শীতল মহাজন।
কিন্তু কেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই অভিনব পন্থাই নিয়েছেন শীতল। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিমান থেকে ঝাঁপ দেন তিনি। মাঝ আকাশেই শীতলের হাতে ধরা ছিল এক প্ল্যাকার্ড। আর তাতেই নরেন্দ্র মোদীর ৬৮তম জন্মদিনের জন্য লেখা ছিল শুভেচ্ছাবার্তা। তবে শুধু জন্মদিন নয়, ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্যও মোদীকে বার্তা দিয়েছেন শীতল।
গোটা ঘটনার একটি ভিডিও তোলেন শীতলের সঙ্গে থাকা আর এক স্কাইডাইভার সুদীপ কোদাভটি। নিজের ফেসবুক পেজে ওই ভিডিও শেয়ারও করেছেন শীতল। শীতল জানিয়েছেন, গত চার বছর ধরে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে রয়েছে। কিন্তু নমো-র অফিস থেকে কোনও জবাব আসেনি বলেই জানিয়েছেন তিনি। তবে এ বার তাঁর অভিনব কায়দার বার্থ ডে উইশ পেয়ে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করবেন, এমনটাই আশা করছেন শীতল।