দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বাগপত জেলার কাছে ভেঙে পড়েছে বায়ুসেনার একটি বিমান। জানা গিয়েছে, শুক্রবার ভেঙে পড়ে বায়ুসেনার এমএল-১৩০ মাইক্রোলাইট বিমানটি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বিমানের দু'জন পাইলটই অক্ষত রয়েছেন। বিমানের ধ্বংসাবশেষ থেকে নিরাপদেই বের করে আনা সম্ভব হয়েছে ওই দুই পাইলটকে।
শুক্রবার বায়ুসেনার একটি মহড়ায় অংশগ্রহণ করার কথা ছিল ওই বিমানটির। সেইমতোই গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে রওনা হয় মাইক্রোলাইট বিমানটি। কিন্তু মাঝপথেই শুক্রবার সকাল দশটা নাগাদ উত্তরপ্রদেশের বাগপত জেলার কাছে ভেঙে পড়ে ওই বিমান। জানা গিয়েছে, ঘন ঝোপে ঘেরা একটি অঞ্চলে ভেঙে পড়ে বায়ুসেনার ওই বিমানটি।
জেলাশাসক ঋষিরেন্দ্র কুমার জানিয়েছেন, ওই এলাকায় জনবসতি না থাকায় বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কেবল বায়ুসেনার বিমানের সামনে অংশটি ভেঙে গিয়েছে। বাকি অংশ অক্ষত রয়েছে বলেই জানিয়েছেন বাগপত জেলার জেলাশাসক। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বায়ুসেনার আধিকারিকরা। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেবেন তাঁরা।