দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই জানা গেছিল জয়পুরের একটি হাসপাতাল 'রোবট নার্স' ব্যবহার শুরু করছে। এবার করোনা আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নার্সদের যাতায়াত কমাতে রোবট বানিয়ে ফেলল গুয়াহাটি আইআইটি।
গুয়াহাটি আইআইটির মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা মিলে আপাতত দু'টি রোবট বানিয়েছেন। তাঁরা বলেছেন, যত কম মানুষ করোনা আক্রান্তদের সামনে যাবেন তত সংক্রমণ ছড়ানো আটকানো যাবে। সেই জন্যই এই ভাবনা।
আইআইটির পড়ুয়ারা জানিয়েছেন, ক্যাম্পাসের হাসপাতালে রোবটের মহড়া চলছে। সামনের সপ্তাহেই তা পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে তাঁদের আশা। দু'টি রোবট দু'রকম কাজ করবে। একটি পৌঁছে দেবে খাবার এবং ওষুধ। অন্যটি পরিষ্কার করে দেবে আইসোলেশন ওয়ার্ডের ময়লা।
জয়পুরের এসএমএস হাসপাতালের সুপার ডাক্তার ডিএস মীনা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, একটি বেসরকারি সংস্থা তাঁদের কাছে এসে রোবট নার্স চালু করার প্রস্তাব দেয়। সেই রোবট নার্সদের পারফরম্যান্স কেমন তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গড়ে হাসপাতাল বোর্ড। হাসপাতালের বোর্ড বৈঠকে গত মঙ্গলবার জমা পড়ে তিন সদস্যের কমিটির রিপোর্ট। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় চালু করার।
ডিএস মীনা আরও বলেন, ক্লাব ফার্স্ট নামের একটি সংস্থা এই রোবট প্রস্তুত করছে। ওই সংস্থা হাসপাতালকে জানিয়েছে রোবট দিয়ে একটি রেস্তোরাঁ চালায় তারা। অর্থাৎ রেস্তোরাঁর রান্নাঘর থেকে খাবার টেবিলে পৌঁছে দেওয়া থেকে সেই থালা তুলে আনা বা বিল টেবিলে পৌঁছে দেওয়া, সবটাই করে রোবট। সেই পদ্ধতিই এবার হাসপাতালে প্রয়োগ হতে চলেছে। এবার আইআইটির পড়ুয়ারাও বানিয়ে ফেললেন রোবট নার্স।