নেতাজি-বাহিনীর পঁচাত্তর বছর তো! তাই এ বার ৭৫ টাকার কয়েন
দ্য ওয়াল ব্যুরো : ডিসেম্বর ৩০, ১৯৪৩। আন্দামানের পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে বসে প্রথম তেরঙা পতাকা উড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ২০১৮ সালে এই ঘটনার ৭৫ বছর পূর্ণ হচ্ছে। এই দিনকে স্মরণীয় করে রাখতে এক বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। ওই
শেষ আপডেট: 14 November 2018 15:29
দ্য ওয়াল ব্যুরো : ডিসেম্বর ৩০, ১৯৪৩। আন্দামানের পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে বসে প্রথম তেরঙা পতাকা উড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ২০১৮ সালে এই ঘটনার ৭৫ বছর পূর্ণ হচ্ছে। এই দিনকে স্মরণীয় করে রাখতে এক বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। ওই দিনেই প্রকাশ করা হবে ৭৫ টাকার কয়েনের।
মঙ্গলবার এই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। অর্থমন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে একটা নোটিসও জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে বলা হয়েছে, " পোর্ট ব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর তেরঙা পতাকা তোলার ৭৫ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিনই ৭৫ টাকার কয়েন প্রকাশ করা হবে।"
এক একটি কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। মূলত ৫০ শতাংশ রূপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ দস্তা দিয়ে তৈরি করা হবে এই কয়েন। এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখার জন্য কয়েনের একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকবে। ছবিতে সেলুলার জেলের সামনে দাঁড়িয়ে নেতাজি পতাকা উত্তোলন করছেন, সেটাই দেখানো থাকবে। এছাড়া এই ছবির তলায় '৭৫ তম বর্ষপূর্তি'র কথাও লেখা থাকবে। এই লেখা ছাড়াও দেবনাগরী ও ইংরেজিতে লেখা থাকবে " প্রথম পতাকা উত্তোলন দিবস।"
এই বছরই ২১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে একটি ফলক উন্মোচন করেছিলেন। এই ফলক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠা করা আজাদ হিন্দ সরকারের ৭৫ তম বর্ষপূর্তিকে উদযাপন করার জন্য উন্মোচন করা হয়েছিল। এই উদযাপনের লক্ষ্যেই এ বার প্রথম পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন।