দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর অশ্বানি কুমারের রহস্যমৃত্যু। বুধবার রাতে সিমলায় নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে। মণিপুর এবং নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন এই অশ্বানি কুমার। পুলিশ সূত্রে খবর, তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
সূত্রের খবর, গত কয়েক সপ্তাহ ধরে অবসাদে ভুগছিলেন তিনি। সিমলা ইন্দিরা গান্ধী মেডক্যাল কলেজ ও হাসপাতালের এক ডাক্তার এবং পুলিশের একটি টিম ইতিমধ্যেই তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সিমলার এসপি মোহিত চাওলা জানিয়েছেন, আত্মহত্যা করেছেন অশ্বানি কুমার। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেখানে মিস্টার কুমার লিখে গিয়েছেন, এই জীবন থেকে অভিভূত হয়েছেন তিনি। তাই পরবর্তী যাত্রা শুরু করতে চলেছেন। পুলিশ জানিয়েছে, ইংরেজিতে লেখা ছিল এই সুইসাইড নোট।
https://twitter.com/ANI/status/1313861339836628993?s=20
দু'বছরের জন্য সিবিআইয়ের ডিরেক্টর ছিলেন অশ্বানি কুমার। তার আগে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত হিমাচল প্রদেশের ডিজিপি ছিলেন তিনি। ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে নাগাল্যান্ডের রাজ্যপাল থাকাকালীন মণিপুরেরও রাজ্যপাল ছিলেন তিনি। আরুশি তলওয়ার হত্যাকাণ্ডের তদন্তে দায়িত্ব ছিলেন অশ্বানি কুমার। আরুশি হত্যাকাণ্ডের তদন্ত চলাকালীন সিবিআইয়ের ডিরেক্টর পদে আসীন হন তিনি। তার আগে সিবিআইয়ের ডিরেক্টর ছিলেন বিজয় শঙ্কর। তাঁকে সরিয়েই সিবিআইয়ের ডিরেক্টর হয়েছিলেন তিনি। এবং দ্বিতীয় একটি টিম গঠন করে আরুশি তলওয়ার হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেন।