দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত রাস্তার উপর দাউদাউ করে জ্বলছে পাঁচতারা হোটেল। আতঙ্কে ছোটাছুটি করছেন পথচারীরা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা অঞ্চল। পথচলতি সাধারণ মানুষের চিৎকারে মুহূর্তেই ভয়াবহ হয়ে উঠল পরিবেশ। সোমবার সকালে এমন ভয়ানক অগ্নিকাণ্ড ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। সেখানকার বিজয়নগর এলাকার গোল্ডেন হোটেলে এ দিন আগুন লাগে। নিমেষেই বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।
https://twitter.com/ANI/status/1186146850077724672
সংবাদ সংস্থা এএনআই টুইট করেছে অগ্নিদগ্ধ হোটেলের ছবি। দেখা গিয়েছে, আগুনের গ্রাসে ঝলসে গিয়েছে পাঁচতারা হোটেলের সামনের অংশ। যে সময় আগুন লাগে তখন হোটেলের ভিতরে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন। তবে তৎপরতার সঙ্গে সকলেই উদ্ধার করেছেন দমকলকর্মীরা। তাঁরা জানিয়েছেন, কোনও অঘটন ঘটেনি। সবাইকেই নিরাপদে বের করা আনা সম্ভব হয়েছে।
https://twitter.com/i/status/1186153128166477826
কী থেকে ওই পাঁচতারা হোটেলে আগুন লেগেছে সে ব্যাপারে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছেন দমকল আধিকারিকরা। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হোটেলের ভিতরে অধিকাংশ জিনিসই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে তাঁদের। সামনের দরজা ভেঙে বের করে আনা হয় আটকে পড়া লোকেদের। আগুন নেভানোর জন্য প্রচুর জলের বন্দোবস্তও করা হয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইন্দোরের বিজয়নগর এলাকায় ঘিঞ্জি রাস্তার উপরেই রয়েছে এই গোল্ডেন হোটেল। আশেপাশে রয়েছে অসংখ্য দোকান। বাজার এলাকা হওয়ায় সোমবার সকাল যখন হোটেলে আগুন লাগে তখন সেখানে হাজির ছিলেন প্রচুর মানুষ। তবে বরাতজোরে এ যাত্রায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা...
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE/