দ্য ওয়াল ব্যুরো: গাড়ির ভিতর এসি চালিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন এক মদ্যপ যুবক। আর তার জেরেই মৃত্যু হয়েছে তাঁর। বন্ধ গাড়ির ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে নয়ডায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুন্দর পণ্ডিত। পুলিশ সূত্রে খবর, গত রবিবার সুন্দরকে গাড়ির ভিতর মৃত অবস্থায় খুঁজে পান তাঁর ভাই। এরপর খবর দেওয়া হয় পুলিশে। যদিও মৃতের পরিবারের তরফে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এমনকি রহস্যজনক মৃত্যুর কোনও অভিযোগও থানায় দায়ের করেনি সুন্দরের পরিবার।
পুলিশের জানিয়েছে, সম্ভবত গাড়ির ইঞ্জিন থেকে বেরনো দূষিত গ্যাস যেমন কার্বন মনোক্সাইড সেবনের ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ইঞ্জিন থেকে দূষিত গ্যাস নির্গত হয়ে এসির মধ্যে দিয়ে গাড়ির ভিতর ছড়িয়ে পড়েছিল। দরজা বন্ধ থাকায় ঘুমের মধ্যে ওই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে সেবন করার ফলেই মৃত্যু হয়েছে সুন্দরের। পুলিশ জানিয়েছে, বারোলা গ্রামের বাসিন্দা সুন্দরের আর একটি বাড়ি ছিল নয়ডার সেক্টর ১০৭-এ। প্রতি উইকেন্ডেই সেখানে আসতেন তিনি। প্রতি সপ্তাহের মতো এই উইকেন্ডেও নয়ডার বাড়িতে এসেছিলেন সুন্দর। তারপরেই ঘটেছে এমন কাণ্ড।
মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, সুন্দরের মদ্যপানের অভ্যাস দীর্ঘদিনের। শনিবার রাতে বাড়ির বেসমেন্টে গাড়ি রেখে সেখানেই এসি অন করে সম্ভবত মদ্যপ অবস্থায় ঘুমিয়ে গিয়েছিলেন সুন্দরও। রবিবার সকালে সুন্দরের ভাই গাড়ির ভিতর দাদাকে অচৈতন্য অবস্থায় দেখতে পায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সুন্দরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার। বরং পুলিশের সহায়তার সমস্ত অফিশিয়াল নিয়ম কানুন পালন করেছে মৃতের পরিবারের সদস্যরা। তারপর বাকি সব নিয়ম-বিধি মেনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সুন্দরের। তবে মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা না হলেও নিজেদের তাগিদের এই ঘটনা সম্পর্কিত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছে পুলিশ।