দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে গতকাল এনসিবি দফতরে হাজিরা দিয়েছিলেন রকুল প্রীত সিং। গতকাল প্রায় ৪ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে অভিনেত্রীকে। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। এনসিবি ডিরেক্টর মুথা অশোক জৈন জানিয়েছেন, রকুলের বয়ান খতিয়ে দেখে তা আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য বৃহস্পতিবারই জেরা করার কথা ছিল রকুল প্রীত সিংকে। যদিও সেদিন সকালে অভিনেত্রী দাবি করেন যে নারকোটিক্স ব্যুরোর তরফে কোনও সমন পাননি তিনি। পরে দুপুরের দিকে রকুল জানান, তিনি ঠিকানা বদল করেছিলেন। তাই সমনের চিঠি আসতে দেরি হয়েছে। এরপর শুক্রবার এনসিবি দফতরে যান রকুল।
গতকাল জেরা করা হয়েছে, দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকেও। সূত্রের খবর, আজ ফের ডাকা হতে পারে করিশ্মাকে। তবে গতকাল রকুল প্রীতের থেকেও বেশিক্ষণ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে করিশ্মাকে। ইতিমধ্যেই মাদক নিয়ে আলোচনা হওয়া যে হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার হয়েছে তার ভিত্তিতেই গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে রকুল প্রীত সিং এবং করিশ্মা প্রকাশকে। বৃহস্পতিবার এই মাদক তদন্তে বয়ান রেকর্ডের জন্য এনসিবি দফতরে হাজিরা দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টা।
জানা গিয়েছে, গতকাল জেরা করা হয়েছে অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ক্ষিতীশ রবিপ্রসাদ এবং অনুভব চোপড়াকেও। এরা দু'জনেই করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে যুক্ত এবং সূত্রের খবর, দু'জনই করণের যথেষ্ট ঘনিষ্ঠ। গতকাল নারকোটিক্স ব্যুরোর একটি দল ক্ষিতীশ রবিপ্রসাদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে। জানা গিয়েছে, গ্রেফতার করা ড্রাগ পেডলারদের জিজ্ঞাসাবাদের সময় এনসিবির সামনে এসেছিল ক্ষিতীশের নাম।
অন্যদিকে আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুখোমুখি হওয়ার কথা দীপিকা পাড়ুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর, এই তিন বলিউড অভিনেত্রীর। জেরার জন্য এই তিন অভিনেত্রীকে সমন পাঠিয়ে তলব করেছে এনসিবি।
প্রসঙ্গত, এর আগে মাদক কাণ্ডে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককেও গ্রেফতার করেছে নারকোটিক্স ব্যুরো। এছাড়াও এনসিবির জালে পাকড়াও হয়েছে অসংখ্য মাদক পাচারকারী।