দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হিংসায় নাম জড়ানো আপ নেতা তাহির হুসেনের বিরুদ্ধে এবার নতুন ধারায় মামলা রুজু করল পুলিশ। জানা গিয়েছে, আম আদমি পার্টির সাসপেন্ড হওয়া এই কাউন্সিলরের বিরুদ্ধে এবার Unlawful Activities Prevention Act অর্থাৎ UAPA ধারায় মামলা রুজু হয়েছে। তাঁকে আটক করেছে দিল্লি পুলিশ।
বেশ কয়েকমাস আগে সিএএ বিরোধী এবং সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়ে উত্তর-পূর্ব দিল্লি। কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছিল এই হিংসার ঘটনায়। তার মধ্যে ছিলেন এক পুলিশ কনস্টেবল এবং একজন তরুণ গোয়েন্দা অফিসার। এই গোয়ান্দা অফিসার অঙ্কিত শর্মার খুনের ঘটনায় নাম জড়ায় তাহির হুসেনের। প্রসঙ্গত, উত্তর-পশ্চিম দিল্লির চাঁদবাগে তাহিরের বাড়ির কাছেই একটি ড্রেন থেকে উদ্ধার হয় আইবি অফিসার অঙ্কিতের দেহ।
এরপর ফেরার হয়ে যান তাহির হুসেন। বেশ অনেকদিন আত্মগোপন করার পর দিল্লির এক আদালতে আত্মসমর্পণ করতে আসেন তিনি। তখন তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। গ্রেফতার হওয়ার আগে অবশ্য একটি ভিডিওতে তাহির দাবি করেন তিনি নির্দোষ। আইবি অফিসারের মৃত্যুর সঙ্গে তাঁর কোনও যোগ নেই। অন্যদিকে গ্রেফতারির পর অপহরণ, খুন, পুলিশকে ভুয়ো তথ্য দেওয়া, প্রমাণ লোপাটের চেষ্টা-----ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাহির হুসেনের বিরুদ্ধে মামলা রুজু করে দিল্লি পুলিশ। ইডি-র তরফেও দিল্লি হিংসায় আর্থিক সাহায্য প্রদান এবং আর্থিক তছরুপের মামলা রুজু করা হয়েছিল তাহির হুসেনের বিরুদ্ধে। এবার আম আদমি পার্টির সাসপেন্ড হওয়া এই নেতার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে।
প্রসঙ্গত গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মা দেহ উদ্ধারের পর মৃতের বাবা প্রথম অভিযোগ তুলেছিলেন তাহিরের বিরুদ্ধে। কাঠগড়ায় দাঁড় করিয়ে আপ নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। সাফ জানিয়েছিলেন, তাহির হুসেনের মদতেই তাঁর ছেলেকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। সেসময় একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছিল তাহিরের বাড়ির ছাদ ইট-পাথর-পেট্রোল বোমা ছোড়া হচ্ছে। পরে তাহরের বাড়িতে তল্লাশি চাইলে এসব জিনিসপত্রের কিছু নমুনাও সংগ্রহ করে পুলিশ। যদিও ফেরার থাকাকালীন একটি ভিডিওতে তাহির হুসেন দাবি করেন একদম উন্মত্ত জনতা তাঁর বাড়িতে ঢুকে পড়েছিল। এইসব ঘটনার সঙ্গে কোনও যোগ নেই তাঁর।