বোনের সঙ্গে সম্পর্ক, দিল্লির পড়ুয়াকে পিটিয়ে মারল মেয়ের দাদা ও পরিবারের অন্যরা
দ্য ওয়াল ব্যুরো: বোনের সঙ্গে সম্পর্ক থাকায় প্রেমিককে পিটিয়ে মারল তরুণীর পরিবার। পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে খোদ রাজধানী শহর দিল্লিতে। মৃতের বয়স মাত্র ১৮ বছর। এই ঘটনায় ৫ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের মধ্যে ৩ জন আবার নাবালক। পুলিশ সূত্রে
শেষ আপডেট: 10 October 2020 09:48
দ্য ওয়াল ব্যুরো: বোনের সঙ্গে সম্পর্ক থাকায় প্রেমিককে পিটিয়ে মারল তরুণীর পরিবার। পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে খোদ রাজধানী শহর দিল্লিতে। মৃতের বয়স মাত্র ১৮ বছর। এই ঘটনায় ৫ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের মধ্যে ৩ জন আবার নাবালক। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাহুল। ওই পড়ুয়া পশ্চিম দিল্লির আদর্শ নগরের বাসিন্দা। এই তরুণের উপর হামলা হওয়ার ঠিক আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ এসেছে পুলিশের হাতে। সেখানে একটি মেয়ের সঙ্গে দেখা গিয়েছে রাহুলকে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই তরুণীর সঙ্গেই সম্পর্ক ছিল রাহুলের। কিন্তু তরুণীর এই সম্পর্ক মেনে নেয়নি তার পরিবার। পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর ভাই এবং পরিবারের আরও কয়েকজন সদস্য মিলেই বেধড়ক মারধর করে রাহুলকে। তার জেরেই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। জানা গিয়েছে, বিএ দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিল রাহুল। বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের টিউশন পড়াত সে।
ঘটনার দিন ৮ থেকে ১০ জন আচমকা হামলা করে রাহুলের উপর। অতর্কিতে এ হেন আক্রমণে চমকে যায় ওই পড়ুয়া। হামলাকারীরা মাটিতে ফেলে বেধড়ক মারতে থাকে তাকে। কিল-চড়-লাথি-ঘুষি বাদ যায়নি কিছুই। রাহুলের বাবা জানিয়েছেন, আশেপাশের কয়েকজন তাঁর ছেলেকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন। কিন্তু অতিরিক্ত বলশালী ওই ৮-১০ জন ছেলের সঙ্গে গায়ের জোরে পাল্লা দিতে পারেননি তাঁরা। ফলে শত চেষ্টাতেও মারধর থামানো যায়নি।
বেদম মারের চোটে জ্ঞান হারায় রাহুল। গুরুতর জখম এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে মৃত্যু হয় তার। চিকিৎসকদের প্রাথমিক অনুমান ছিল, মারাত্মক চোট-আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সম্ভবত মৃত্যু হয়েছে রাহুলের। মৃত্যুর পর তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টেও বলা হয়েছে ইন্টারনাল হ্যামারেজ, গভীর চোটের ফলেই মৃত্যু হয়েছে রাহুলের।
গত ৭ অক্টোবর মঙ্গলবার ঘটেছে এই ঘটনা। হামলার আগের মুহূর্তে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রাস্তা দিয়ে একটি মেয়ের সঙ্গে হাঁটছে সে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টিউশন পড়ানোর কথা বলে সেই সময় রাহুলের কাছে কোনও ফোন এসেছিল এবং তাকে ডেকে পাঠানো হয়। কয়েক পা হেঁটে এগোনোর পরই ওই তরুণীর বাড়ির লোকজন হামলা করে।
ঘটনার ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের লোকজনের সঙ্গে কতাবার্তা বলা হচ্ছে। অভিযুক্তদের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। যে তরুণীর সঙ্গে রাহুলের সম্পর্ক ছিল প্রয়োজনে তার সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনার প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করে তাঁদের বয়ান নেওয়ার চেষ্টাও চলছে। ধৃতদেরও জেরা করছে পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।