বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'গাজা'
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপের ফলেই সৃষ্টি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় 'গাজা'। ধেয়ে আসতে পারে দক্ষিণ উপকূলে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘূর্ণিঝড় 'গাজা' বয়ে যেতে পারে তামিলনাড়ুর উত্তর এবং অন্ধ্রপ্রদেশ
শেষ আপডেট: 12 November 2018 07:36
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপের ফলেই সৃষ্টি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় 'গাজা'। ধেয়ে আসতে পারে দক্ষিণ উপকূলে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘূর্ণিঝড় 'গাজা' বয়ে যেতে পারে তামিলনাড়ুর উত্তর এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল দিয়ে। এমনটাই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। ক্ষতিগ্রস্ত হতে পারে পুদুচেরিও। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে। এরপর ১৫ নভেম্বরের মধ্যে কাড্ডালোর এবং শ্রীহরিকোটার মধ্যবর্তী এলাকা দিয়েও বইতে পারে ঘূর্ণিঝড় ‘গাজা’। তামিলনাড়ূ, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। এ ছাড়া আন্দামানেও প্রবল বৃষ্টি হতে পারে। এই সব অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
চেন্নাই উপকূলের উত্তর-পূর্বে ৮৬০ কিলোমিটার বর্তমানে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘গাজা’। হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার। আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার বেগে এই ঝড় আছড়ে পড়তে পারে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে। আবহাওয়া দফতর পূর্বাভাস জারি করেছে ১৪ নভেম্বর রাত থেকে শুরু হবে বৃষ্টি। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর উত্তর ভাগে। বৃষ্টি চলবে পরের দিন অর্থাৎ ১৫ তারিখেও। এ দিনও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বিপর্যয় রুখতে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি রয়েছে ডিজাসস্টার ম্যানেজমেন্ট টিম। রয়েছে মেডিক্যাল টিমও। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই চলে গিয়েছেন তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে তামিলনাড়ু প্রশাসন।