দ্য ওয়াল ব্যুরো: এবার রাষ্ট্রপতি ভবনের করোনার কোপ। জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক সাফাইকর্মীর শরীরে পাওয়া গিয়েছে কোভিড-১৯ সংক্রমণের নমুনা। ওই সাফাইকর্মীর লালারসের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করে কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। এই ঘটনার পরেই রাষ্ট্রপতি ভবনের অন্তত ১০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সূত্রের খবর, চারদিন আগে ওই সাফাইকর্মীর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছিল।
রাষ্ট্রপতি ভবনে কর্মরত বিভিন্ন আধিকারিক (সচিব পর্যায়ের) ও তাঁদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যান্য সমস্ত কর্মীদের মধ্য দিল্লির কোয়ারেন্টাইনে সেন্টার পাঠানো হয়েছে। সেখানেই পর্যবেক্ষণে রাখা হবে তাঁদের। তবে ওই একজন সাফাইকর্মী ছাড়া বাকি সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। কোভিড পজিটিভ সাফাইকর্মীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের খোঁজ চলছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে ২১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। এখনও অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪৭৫৯। রাজধানী শহর দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২০৮১। মৃত্যু হয়েছে ৪৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪৩১ জন। প্রসঙ্গত, দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, একরাতে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। একরাতে সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১ জনের। পাশাপাশি সুস্থও হয়েছেন ৪১০ জন। দিল্লিতে ইতিমধ্যেই একাধিক এলাকাকে করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংক্রমণ যাতে আর ছড়াতে না পারে সেইজন্য সিল করে দেওয়া হয়েছে ওইসব কনটেইনমেন্ট এলাকা।
তবে এখনও পর্যন্ত করোনার প্রভাব মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি। মারাঠা প্রদেশে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৪৬৬৬। মৃত্যু হয়েছে ২৩২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫৭২ জন।