দ্য ওয়াল ব্যুরো: প্রায় তিনমাস পর খুলেছে করবেট টাইগার রিজার্ভ। গত শনিবার করবেট টাইগার রিজার্ভের তিনটি রেঞ্জ বিজরানি, ঢেলা এবং ঝিরনা।
করোনা সতর্কতায় মার্চ মাস থেকে বন্ধ ছিল করবেট টাইগার রিজার্ভ। অবশেষে খুলল এই টাইগার রিজার্ভের তিনটি রেঞ্জ। তবে পর্যটকদের জন্য খোলা হবে না ধিকালা জোন। কারণ বর্ষার কারণে ১৫ জুন থেকে এই বন্ধ থাকার কথা। এই নিয়ম পূর্ব নির্ধারিত। তাই এই জোন খোলা হবে না।
তবে করবেট টাইগার রিজার্ভ খোলা হলেও পর্যটকদের জন্য থাকছে একগুচ্ছ নিয়ম। যেহেতু দেশে এখনও করোনার প্রভাব যথেষ্টই রয়েছে তাই পর্যটকদের সাফারির সময় বেশ কিছু নিয়ম মানতে হবে।
আগে সাফারিতে যাওয়ার সময় একটি গাড়িতে ৬ জন থাকতেন। এখন তার বদলে চারজন করে যাওয়া যাবে একটি গাড়িতে। চালক এবং গাইড-সহ মোট চারজন থাকতে পারবেন একটি গাড়িতে, এমনটাই জানিয়েছেন করবেট টাইগার রিজার্ভের ডেপুটি ডিরেক্টর কল্যাণ নেগি।
সাধারণ সময়ে করবেট টাইগার রিজার্ভের দিন এবং রাতের সাফারির ক্ষেত্রে ৬০টি গাড়ি যাওয়ার নিয়ম থাকে এবং প্রতিটি গাড়িতে ৬ জনের থাকার অনুমতি দেওয়া হয়। তবে এখন করোনা সতর্কতায় এইসব নিয়মের বদল হয়েছে।