দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'অশিক্ষিত' বলে বিতর্কে জড়ালেন মুম্বই কংগ্রেসের প্রধান সঞ্জয় নিরুপম।
সম্প্রতি মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে যে মহারাষ্ট্রের জেলা পরিষদের অন্তর্গত সব স্কুলে প্রধানমন্ত্রী মোদীর উপর তৈরি করা একটি শর্ট ফিল্ম দেখাতে হবে। এই প্রসঙ্গেই বুধবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে সঞ্জয় নিরুপম বলেন, " জোর করে সিনেমা দেখানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। বাচ্চাদের রাজনীতির বাইরে রাখা উচিত। মোদীর মতো একজন অশিক্ষিত মানুষের উপর দেখানো সিনেমা থেকে বাচ্চারা কী শিক্ষা পাবে? বাচ্চারা তো বটেই সাধারণ মানুষও জানে না মোদীর কী কী ডিগ্রি আছে।" এমনকী পরে সাংবাদিকরা যখন তাঁর ব্যবহার করা শব্দ ঠিক না ভুল সেই প্রশ্ন করেন, তার উত্তরে সঞ্জয় নিরুপম বলে, " মোদীর শাসনে দেশের গণতন্ত্র বিপন্ন। তাই আমি যে কথাগুলো ব্যবহার করেছি, কোনওটাই ভুল নয়।"
এই খবর সামনে আসার পরেই সঞ্জয় নিরুপমের মন্তব্যের সমালোচনা শুরু করেন বিজেপি নেতারা। মহারাষ্ট্রের বিজেপির মুখপাত্র শাইনা এন.সি এই প্রসঙ্গে টুইট করে বলেন, " মানসিকভাবে অসুস্থ একজন মানুষের আরও এক আপত্তিকর বক্তব্য। তিনি হয়তো ভুলে গেছেন ১২৫ কোটি দেশবাসীই মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। কংগ্রেস ঠিকঠাক প্রশ্ন করতেও ভুলে গেছে। ২০১৯ সালে দেশের লোক এর উত্তর দেবে।"
https://twitter.com/ShainaNC/status/1039880122927669252
এছাড়াও মহারাষ্ট্রের বিজেপি সাংসদ অনিল শিরোলে বলেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র একটা রাজনৈতিক দলের প্রতিনিধি নন, তিনি একটা গোটা দেশের প্রতিনিধি। তাই তাঁকে অপমান করে সঞ্জয় নিরুপম আসলে ভারতের মানুষ ও বাবাসাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধানকেই অপমান করেছেন।"
https://twitter.com/AnilShiroleBJP/status/1039920839196635138
প্রসঙ্গত, মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে, ১৮ সেপ্টেম্বর জেলা পরিষদের সব স্কুলে প্রধানমন্ত্রী মোদীর উপর তৈরি করা শর্ট ফিল্ম 'চলো জী তে হ্যায়' দেখানো হবে। ৩২ মিনিটের এই শর্ট ফিল্ম মূলত, ছাত্র-ছাত্রীদের সামাজিক শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আনন্দ এল রাই ও মহাবীর জৈনের প্রযোজনায় এই শর্ট ফিল্ম বানিয়েছেন পরিচালক মঙ্গেশ হাডাওয়ালে।
এই ঘোষণা করার পর থেকেই বিরোধী দল কংগ্রেস ও শরদ পাওয়ারের এন.সি.পি রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে।