দ্য ওয়াল ব্যুরো: গ্রামের একটি মেয়ের বাড়িতে গিয়েছিল দ্বাদশ শ্রেণির পড়ুয়া। সেই 'অপরাধ'-এই তাকে পিটিয়ে মেরে ফেলেছে ওই ছাত্রের আত্মীয়-পরিজনরা। বৃহস্পতিবার পড়শি রাজ্য ত্রিপুরায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিপন সরকার (১৭)। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৮৫ কিলোমিটার দূরে গোমতী জেলায় নিজের কাকুর সঙ্গে থাকত রিপন। তার বাবা-মা থাকেন বাংলাদেশে।
ঘটনার দিন রিপনকে বেধড়ক মারধর করে কয়েকজন গ্রামবাসী এবং ওই মেয়ের পরিবারের সদস্যরা। সেই সময় রিপনের কাকু প্রফুল্ল সরকারকে খবর দেয় কয়েকজন গ্রামবাসীই। ঘটনাস্থলে ছুটে যান প্রফুল্ল। পুলিশকে তিনি জানিয়েছেন অসংখ্য লোক ঘিরে ধরে ভাইপোকে প্রচণ্ড মারধর করছিল। তিনি ভাইপোকে বাঁচাতে গেলেও তাঁকেও মারধর করে উন্মত্ত জনতা। কিছুতেই থামানো যাচ্ছিল না তাদের। এর মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিশের সাহায্যে কোনওমতে রিপনকে উদ্ধার করেন প্রফুল্লবাবু। তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই রিপনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে রিপনের।
স্থানীয়দের দাবি, প্রতিবেশী ওই মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিপনের। এর আগেও নাকি মেয়ের বাড়ির লোক তাকে শাসিয়েছিল। গ্রামবাসীদের একাংশের কথায়, ঘটনা জানাজানি হওয়ার পর মেয়ের বাড়িতে ডেকেই নাকি সাবধান করা হয়েছিল রিপনকে। গ্রামবাসীদের অভিযোগ, মারধরও করা হয় তরুণকে। এই ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রুজু হয়েছে মামলাও।
আরও সাতজনের বিরুদ্ধে জমা পড়েছে অভিযোগ। তবে তারা সকলেই পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এমন নৃশংস ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তা জানতে ইতিমধ্যেই গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে মৃত রিপন সরকারের কাকুকেও। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোমতী জেলা। জারি রয়েছে চিরুনি তল্লাশি। যাতে অভিযুক্তরা বাইরের রাজ্যে পালিয়ে যেতে না পারে তার জন্য খোঁজ চলছে বিভিন্ন নাকা চেকিংয়েও।
পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা...
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-2/