অবাক কাণ্ড! চন্দ্রবাবু নাইডুর তিন বছরের নাতির সম্পত্তি তাঁর ছ'গুণ
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরেই 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস' একটি সমীক্ষা করে বলেছিল এই মুহূর্তে দেশের ধনীতম মুখ্যমন্ত্রী তিনি। মনোনয়ন জমা দেওয়ার সময় নিজের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছিলেন ১৭৭ কোটি টাকা। এ বছরও নিজের সম্পত্তির পরিমাণ
শেষ আপডেট: 22 November 2018 05:45
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরেই 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস' একটি সমীক্ষা করে বলেছিল এই মুহূর্তে দেশের ধনীতম মুখ্যমন্ত্রী তিনি। মনোনয়ন জমা দেওয়ার সময় নিজের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছিলেন ১৭৭ কোটি টাকা। এ বছরও নিজের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আর তাতেই দেখা গেছে এক অবাক করার মতো ঘটনা। তাঁর তুলনায় ৬ গুণ সম্পত্তির অধিকারী তাঁর তিন বছর বয়সী নাতি।
গত ৮ বছর ধরে প্রত্যেক বছর নিজের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেন চন্দ্রবাবু নাইডু। নিজের সম্পত্তি সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ, বক্তব্য তাঁর দলের নেতাদের। এই বছরেও নিজের পরিবারের সম্পত্তির খতিয়ান দিয়েছেন তিনি। আর তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
সম্প্রতি চন্দ্রবাবু নাইডুর ছেলে ও অন্ধ্রপ্রদেশের তথ্যসম্প্রচার মন্ত্রী নারা লোকেশ এই সম্পত্তির খতিয়ান দিয়েছেন। দেখা গেছে গত বছর তেলুগু দেশম পার্টির এই নেতার পারিবারিক সম্পত্তির পরিমাণ ছিল ৬৯.২৮ কোটি টাকা। এ বছর তা বেড়েছে ১২.৫৫ কোটি টাকা। ২০১৮-১৯ সালে তাঁদের পারিবারিক সম্পত্তির পরিমাণ ৮১.৮৩ কোটি টাকা।
৬৮ বছরের চন্দ্রবাবু নাইডুর স্ত্রী নারা ভুবনেশ্বরীর সম্পত্তির পরিমাণ গত বছরের ২৫ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ বেড়েছে ছেলে নারা লোকেশেরও। গত বছরের ১৫.২১ কোটি টাকা থেকে বেড়ে তাঁর সম্পত্তির পরিমাণ হয়েছে ২১.৪০ কোটি টাকা। সেখানে চন্দ্রবাবু নাইডুর সম্পত্তির পরিমাণ পরিবারের মধ্যে সবথেকে কম। গত বছরের ২.৫৩ কোটি টাকা থেকে বেড়ে তাঁর সম্পত্তি হয়েছে ৩ কোটি টাকা। সেখানে তাঁর থেকে ৬ গুণ বেশি সম্পত্তি তাঁর তিন বছরের নাতি দেবাংশর। গত বছর দেবাংশর সম্পত্তির পরিমাণ ছিল ১১.৫৪ কোটি টাকা। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭১ কোটি টাকা।
পরিবারে সম্পত্তির পরিমাণ কমেছে কেবল নারা লোকেশের স্ত্রী ব্রাহ্মিণীর। গত বছরের ১৫.০১ কোটি টাকা থেকে কমে এ বছর তাঁর সম্পত্তির পরিমাণ ৭.৭২ কোটি টাকা।
এই ঘোষণার পরেই সুর চড়িয়েছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, তাহলে নির্বাচনের আগে চন্দ্রবাবু নাইডু নিজের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছিলেন ১৭৭ কোটি। তাঁর ছেলে নারা লোকেশও নির্বাচনের আগে নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছিলেন ৩৩০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ কমে গেল কীভাবে? এর উত্তরে নারা লোকেশ জানিয়েছেন, প্রত্যেক বছর সম্পত্তি ঘোষণার সময় তাঁদের কেনা শেয়ারের ক্রয়মূল্য অনুযায়ী তাঁরা সম্পত্তির পরিমাণ হিসেব করেন। কিন্তু নির্বাচনের আগে সম্পত্তির পরিমাণ ঘোষণা করার আগে তাঁদের শেয়ারের বাজার মূল্য হিসেবে তা হিসেব করতে হয়েছিল। তাই এই কম বেশি।
চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তাঁর দলের বেশ কিছু মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশি হয়েছে। এর বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, এগুলো সবই রাজনৈতিক ষড়যন্ত্র। রাজ্যের উন্নতি বন্ধ করার চেষ্টা। তিনি জানান, এই তল্লাশির ফলে রাজ্যের বড় বড় শিল্পপতিদের মধ্যে একটা ভয় ঢুকছে। ফলে বিনিয়োগের পরিমাণ কমছে। এতে আখেরে রাজ্যেরই ক্ষতি হচ্ছে।