
শেষ আপডেট: 16 September 2018 04:48
রেওয়াড়ি ধর্ষণ কাণ্ডে তিন অভিযুক্ত[/caption]
হরিয়ানার রেওয়ারিতে সিবিএসই বোর্ডের প্রথম স্থানাধিকারীকে গণধর্ষণের ঘটনায় আপাতত কোণঠাসা হরিয়ানার সরকার থুড়ি বিজেপি। দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে মনোহর লাল খট্টরের সরকারের বিরুদ্ধে। এরই মধ্যে হরিয়ানার এক বিধায়কের মন্তব্যে বেজায় ফ্যাসাদে পড়েছে রাজ্য সরকার। বিপাকে পড়েছে কেন্দ্রও। হরিয়ানার উচনা কেন্দ্রের বিধায়ক প্রেমলতা, রেওয়াড়ি গণধর্ষণ মামলা সম্পর্কে বলেন, দেশে কর্মসংস্থানের অভাব রয়েছে। বেকারত্ব বাড়ছে। তার ফলে হতাশ হয়ে পড়ছে দেশের যুব সমাজ। আর এই বেকারত্ব এবং হতাশার জেরেই ধর্ষণের মতো ঘটনা এ দেশে নিয়ম করে বেড়ে চলেছে।
দলীয় বিধায়কের এ হেন মন্তব্যে বিপাকে পড়েছে বিজেপি। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে দেশে ১০ কোটি কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু ক্ষমতায় আসার পর প্রায় চার বছর কেটে গেলেও কর্মসংস্থানের বিশেষ পরিবর্তন হয়নি বলেই দাবি করেন বিরোধীরা। এ বার বিজেপি বিধায়ক প্রেমলতার এমন মন্তব্য কেন্দ্রীয় সরকারকে আরও অস্বস্তিতে ফেলবে। এমনটাই মনে করেছে রাজনৈতিক মহল।